নাটোরের বড়াইগ্রামের মৌখাড়া ও জোনাইল বাজারের তিনটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম এ অভিযান পরিচালনা করেন। এ সময় নাটোর ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মাখনুওন তাবাসসুম উপস্থিত ছিলেন। অভিযানে লাইসেন্স নবায়ন না থাকা ও দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে মৌখাড়া বাজারের শিখা ফার্মেসিকে ১৫ হাজার ও জেলী ফার্মেসিকে ৪০ হাজার এবং জোনাইল বাজারের সাথী ঔষধ বিতানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ‘জনগণ ও ওষুধ বিক্রেতাদেরকে সচেতন ও সতর্ক করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে; প্রয়োজনে আগামী দিনে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।’