অনলাইনে প্রতারণা ও মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার ১

রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে অনলাইনে প্রতারণা করে টাকা আত্মসাৎ ও মাদক কারবারের অভিযোগে মো. রাফসান চৌধুরী (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার গুলশান বিভাগ। গত বৃহস্পতিবার খিলগাঁও থানার শান্তিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে অনলাইনে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গোয়েন্দা শাখার গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিমের কর্মকর্তা এস এম রেজাউল হক বলেন, গ্রেপ্তার রাফসান তার ফেইসবুক আইডি ব্যবহার করে পাবলিক পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন ফেইসবুক পেজ ও গ্রুপে নিয়মিত পোস্ট ও কমেন্ট করত। এই পোস্ট ও কমেন্টগুলো ছিল পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষার ফলাফল পরিবর্তন ও নম্বর বাড়িয়ে দেওয়া সংক্রান্ত। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অবৈধভাবে কীভাবে সুযোগ পাওয়া যায় সে বিষয়ে। তারপর আগ্রহী ছাত্রছাত্রীদের নিজের ফেইসবুকের ম্যাসেঞ্জারে ম্যাসেজ দিতে বলত এই প্রতারক।

তিনি আরও বলেন, রাফসান প্রতারণা করে বিভিন্নভাবে টাকা আত্মসাৎ করত। এ ব্যাপারে খিলগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, রাফসান অনলাইনে প্রতারণার পাশাপাশি দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা নিয়ে এসে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত। এ ব্যাপারে তার বিরুদ্ধে খিলগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক একটি মামলা হয়েছে।