স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে চসিকের কর্মসূচি ঘোষণা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনব্যাপী ব্যাপক কর্মসূচি নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এর মধ্যে ৭ মার্চের ভাষণ, এলইডি স্ক্রিনে স্বাধীনতা ও বঙ্গবন্ধুর ওপর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রদর্শন, শিশু সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে।

চসিক সূত্র জানায়, জাতীয় কর্মসূচির আলোকে যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ২০২১ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের বিষয়ে ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ১০ দিনের কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ মার্চ মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চসিকের প্রধান ভবনসহ আঞ্চলিক কার্যালয়, ওয়ার্ড অফিস ও করপোরেশনের আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলো জাতীয় ও করপোরেশনের পতাকা উত্তোলন। সকাল সাড়ে ৮টায় বাটালিহিলের নগর ভবন কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সকাল ৯টায় ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রগুলোয় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং কেন্দ্রীয় পর্যায়ে বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প, সকাল ১০টায় এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম চত্বরে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, মুজিবকোট পরিহিত খুদে মুজিবদের ৭ মার্চের ভাষণ, শিশু সমাবেশ ও কেক কাটা এবং টাইগারপাস এলাকায় ১০১টি বৃক্ষরোপণ কর্মসূচি। ১৭ মার্চ বাদ জোহর করপোরেশনভুক্ত মসজিদ-মাদ্রাসায় মিলাদ ও বিশেষ মোনাজাত এবং সুবিধাজনক সময়ে মন্দির, প্যাগোডা, গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠান।

এ ছাড়া ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত সিটি করপোরেশনের উদ্যোগে ১০ দিনব্যাপী কর্মসূচি পালন করা হবে। এ সময় টাইগারপাসে প্রধান নগর ভবন, আন্দরকিল্লায় পুরনো নগর ভবনের আঞ্চলিক অফিস, নিউমার্কেট মোড়, কাজির দেউড়ি চেরাগী পাহাড় মোড়, আন্দরকিল্লা চত্বর ও এক্সেস রোড বড় পোলে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্য এবং টাইগারপাস-লালখান বাজার থেকে কাজির দেউড়ি, বহদ্দারহাট মোড় মসজিদ সামনের আইল্যান্ডে আলোকসজ্জা ও ফোয়ারা সচল রাখা।