নাইজেরিয়ায় আবারও শিক্ষাপ্রতিষ্ঠানে হানা দিয়ে অস্ত্রের মুখে ছাত্রীদের তুলে নিয়ে গেছে দুষ্কৃতরা। গতকাল শুক্রবার ভোরে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি কলেজ থেকে অজ্ঞাতসংখ্যক ছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
এদিন নাইজেরিয়ার কাদুনা প্রদেশের ফেডারেল কলেজ অব ফরেস্ট্রি মেকানাইজেশনের শিক্ষার্থীদের অপহরণ করেছে অস্ত্রধারী দুষ্কৃতরা। এ নিয়ে চলতি বছরে তৃতীয়বারের মতো গণঅপহরণের ঘটনা ঘটল দেশটিতে।
কাদুনা পুলিশের মুখপাত্র মোহাম্মদ জালিগে বলেছেন, পুলিশ ও সামরিক বাহিনী কাজ শুরু করেছে। আমরা স্কুল কর্র্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে অপহৃত শিক্ষার্থীদের সংখ্যা জানার চেষ্টা করছি এবং তাদের অক্ষত অবস্থায় উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারের সম্ভাবনা খতিয়ে দেখছি। জামিলু আব্দুল্লাহি নামে এক কলেজছাত্র জানান, ভোররাত ৩টার দিকে আক্রমণকারীদের বন্দুকের গুলি ছোড়ার শব্দ শুনতে পান তিনি। ছাত্রাবাস বেড়ার কাছে থাকলেও সশস্ত্র দুষ্কৃতরা ছাত্র এবং ছাত্রী হোস্টেলের মধ্যখানে একটি রেখা তৈরি করে।
আব্দুল্লাহি বলেন, আমরা তাদের দেখে পালিয়ে যাই... দস্যুরা এসে বন্দুকের গুলি ছুড়ছিল। তারা মেয়েদের নিয়ে গেছে। তিনি বলেন, আমরা এখনো অপহৃতদের সংখ্যা সম্পর্কে নিশ্চিত নই। তবে আমি জানি, হোস্টেলটিতে অন্তত ৮০ থেকে ১০০ ছাত্রী ছিল।