কাদের মির্জাকে গ্রেপ্তারের দাবি কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

শনিবার দুপুর পৌনে ২টায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খাঁনের ওপর নিষ্ঠুর ও বর্বরোচিত হামলার প্রতিবাদে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ গত ৯ মার্চ তারিখের প্রতিবাদ সভায় মেয়র আব্দুল কাদের মির্জার নেতৃত্বে সমাবেশে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ হয়, শ্রমিকলীগ কর্মী আলাউদ্দিনের নৃশংস হত্যার মাস্টার মাইন্ড খুনি মির্জাকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।

প্রেস বিজ্ঞপ্তিতে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।

এ বিষয়ে ফোনে যোগাযোগ করলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরনবী চৌধুরী দেশ রূপান্তরকে প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার সত্যতা নিশ্চিত করেন।

আলাউদ্দিনের নৃশংস হত্যার ‘মাস্টার মাইন্ড’ মির্জাকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

তিনি আরও জানান, উপজেলা আ্ওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খাঁন বর্তমানে অসুস্থ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।