সবচেয়ে বাজে অভিনয়শিল্পীর মনোনয়ন পেলেন ডাউনি জুনিয়র ও অ্যানা

‘ডুলিটল’ সিনেমায় অভিনয়ের জন্য বেশ সমালোচিত হয়েছিলেন রবার্ট ডাউনি জুনিয়র। এবার বাজে অভিনয়ের জন্য তাকে একাধিক বিভাগে মনোনয়ন দিয়ে ‘সম্মানিত’ করেছে রেজি অ্যাওয়ার্ডস।

বছরের সবচেয়ে বাজে ছবিতে পুরস্কৃত করা হয় এ আয়োজনে, যাকে গোল্ডেন র‌্যাস্পবেরি অ্যাওয়ার্ডসও বলা হয়। সাম্প্রতিক সময়ে ‘ক্যাটস’ ও ‘দ্য ইমোজি মুভি’ এ পুরস্কার পেয়েছে।

‘ডুলিটল’ ছবিতে ডাউনি জুনিয়রের অভিনয় প্রসঙ্গে দ্য গার্ডিয়ানে বলা হয়েছিল, যতবার তিনি দুর্বোধ্য কিছু বলার জন্য মুখ খুলেছেন, ততবারই সিনেমার কিছুটা মৃত্যু হয়েছে। 

অস্কার-জয়ী অ্যানা হ্যাথাওয়ে দুটি সিনেমার জন্য সবচেয়ে বাজে অভিনেত্রীর মনোনয়ন পেয়েছে। একটি হলো নেটফ্লিক্সে ‘দ্য লাস্ট থিং হি ওয়ান্টেড’, অন্যটি ‘দ্য উইচেস’।

এর আগে একাধিকবার রেজিতে বাজে অভিনেতার মনোনয়ন পাওয়া অ্যাডাম স্যান্ডলার এবারও আছেন তালিকায়। ‘হবি হ্যালোউইন’ ছবির জন্য তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এ ছাড়া ট্রাম্প প্রশাসনের একাধিক সদস্য মনোনয়ন পেয়েছেন। সাবেক প্রেসিডেন্টের আইনজীবী রুডি গিলিয়ানি ‘বোরাট’ সিনেমার জন্য দুটি মনোনয়ন বাগিয়েছেন।

রেজির তালিকায় কিছু চমকপ্রদ মনোনয়নও রয়েছে। ‘হিলবিলি এলিজি’ ছবিটি সমালোচকদের ভালো না লাগলেও দর্শকদের ভালোবাসা পেয়েছিল। সে ছবির জন্য বর্ষীয়ান অভিনেত্রী গ্লেন ক্লোজ পার্শ্ব চরিত্রে বাজে অভিনয়ের মনোনয়ন পেয়েছেন। অথচ ধারণা করা হচ্ছে অস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর মনোনয়ন পেতে যাচ্ছেন তিনি।

যদি গ্লেনের ভাগ্যে অস্কার মনোনয়ন জোটে, তবে তিনি হতে যাচ্ছেন তৃতীয় অভিনয়শিল্পী যিনি একই চরিত্রের জন্য অস্কার ও রেজি তালিকায় নাম লিখিয়েছেন। এর আগে জেমস কোকো ও এমি আরভিং দুই পুরস্কারের জন্য একইসঙ্গে মনোনয়ন পেয়েছিলেন।