করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা আশীষ বিদ্যার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই তথ্যটি জানিয়েছেন এই অভিনেতা।
১২ মার্চ, শুক্রবার টুইটারে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। সেখানে কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হওয়ার খবর ভক্তদের দেন। পাশাপাশি তিনি জানান, দিল্লির একটি হাসপাতালে ভর্তি হচ্ছেন। এই অভিনেতা বলেন, ‘আমি দিল্লির একটি হাসপাতালে ভর্তি হচ্ছি। সব ঠিক আছে।’এ ছাড়া তার সংস্পর্শে আসা ব্যক্তিদের কোভিড-১৯ পরীক্ষার করার অনুরোধ করেছেন আশীষ।
এ প্রসঙ্গে তিনি ভিডিওর ক্যাপশনে লেখেন, ‘এই একটি পজিটিভ বিষয় আমি চাইনি। আমি কোভিড পজিটিভ হয়েছি। আমার সংস্পর্শে যারা এসেছেন দয়া করে পরীক্ষা করান। এখনো আমার কোনো উপসর্গ নেই। বিশ্বাস আছে খুব শিগগির সুস্থ হয়ে উঠব। আপনাদের শুভ কামনা ও ভালোবাসা আমার জন্য খুবই মূল্যবান।’
এদিকে তার পোস্ট করা ভিডিওতে এই অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন তার ভক্তরা। একজন লিখেছেন, ‘নিজের যত্ন নিন, দ্রুত সুস্থ হয়ে উঠুন।’ অপর একজন লিখেছেন, ‘দয়া করে নিজের যত্ন নিন। আপনার দ্রুত আরোগ্য কামনা করছি।’
হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ভাষার পাশাপাশি বাংলাদেশের সিনেমাতেও কাজ করেছেন আশীষ বিদ্যার্থী।