সাভারের আশুলিয়ায় এক ময়লা ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম শিকদারকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
অভিযুক্ত সাইফুল ইসলাম শিকদার আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ভাদাইল কাঁঠালতলা এলাকার বাসিন্দা। এর আগে মাদক সংশ্লিষ্টতা ও চাঁদাবাজিসহ সংগঠন বিরোধী নানা কর্মকাণ্ডের কারণে তাকে বহিষ্কার করা হয়।
ভুক্তভোগী এনতাজ উদ্দিন বলেন, ওয়ার্ড মেম্বার সাদেক ভূঁইয়াসহ এলাকার মানুষ আমাকে ব্যবসা করতে দিয়েছেন। আমি ২-৩ বছর ধরে ব্যবসা করছি। সাইফুল পরশু দিন আমার গাড়ি আটকে বলে- এই মাল নিবি না। আমি কারণ জানতে চাইলে সে জানায়, মাসে ২৫ হাজার টাকা চাঁদা দিতে হবে। সে আরও হুমকি দিয়ে বলে- লেবাররা গাড়ি বের করলে ‘বাইরাইয়া ফাটায় ফালামু’।
তিনি আরও জানান, এ ঘটনার পর আজ থানায় গিয়ে অভিযোগ করেছি। ওদের দলে সাইফুল শিকদার, মাসুদ, মাসুম, ঈমান আলী, চঞ্চল, আলম, পিন্টুসহ আরও ৮-১০ জন আছে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক বলেন, ময়লার ব্যবসাকে কেন্দ্র করে সাইফুল ও তার লোকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পেয়েছি। বিকেলে সাইফুলকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। রাতেই এ ঘটনায় মামলা রুজু হবে। রবিবার আসামিকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হবে।