প্রয়াত নাট্যজন ইশরাত নিশাতকে স্মরণ করে চালু হচ্ছে ‘নাট্য পুরস্কার’। প্রতি বছর ২০ জানুয়ারি ইশরাত নিশাতের প্রয়াণ দিবসে নাট্য প্রযোজনার ৮টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হবে। শনিবার রাজধানীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে পুরস্কার বাস্তবায়ন কমিটির উদ্যোগে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতি বছর শ্রেষ্ঠ অভিনেতা-নারী, শ্রেষ্ঠ অভিনেতা-পুরুষ, শ্রেষ্ঠ নির্দেশক, শ্রেষ্ঠ নাট্যকার, শ্রেষ্ঠ মঞ্চসজ্জা, শ্রেষ্ঠ আবহ সংগীত, শ্রেষ্ঠ আলো পরিকল্পক, শ্রেষ্ঠ নাটক বিভাগে পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের প্রতিটির আর্থিক মূল্যমান হবে ২৫,০০০ টাকা; তবে শ্রেষ্ঠ প্রযোজনার আর্থিক মূল্য হবে ৫০,০০০ টাকা। পুরস্কারের জন্য নির্বাচিত প্রত্যেককে একটি ক্রেস্ট ও একটি সনদ প্রদান করা হবে।
এই পুরস্কারের জুরিবোর্ড সদস্যবৃন্দ হলেন, প্রফেসর আব্দুল সেলিম (প্রধান), দেবপ্রসাদ দেবনাথ, ওয়াহিদা মল্লিক জলি, ড. ইউসুফ হাসান অর্ক, ড. কামালউদ্দিন কবির, মোহাম্মদ আলী হায়দার, ড. আইরিন পারভীন লোপা।
পুরস্কার বাস্তবায়ন কমিটির কাঠামো ও সদস্যরা হলেন ফেরদৌসী মজুমদার (চেয়ারম্যান), রামেন্দু মজুমদার, আতাউর রহমান, আসাদুজ্জামান নূর, মামুনুর রশীদ, ম. হামিদ, নাসির উদ্দীন ইউসুফ (কো-চেয়ারম্যান), সারা যাকের, লাকী ইনাম, লিয়াকত আলী লাকী, গোলাম কুদ্দুছ, তারিক আনাম খান, রোকেয়া রফিক বেবী, কামাল বায়েজীদ, মাসুম রেজা, কামাল আহমেদ।