শেখ হাসিনার চরিত্রে অপু বিশ্বাস

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন অনন্যা রুমা। ঘোষণার একদিন যেতে না যেতেই পরিচালক জানালেন  ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’ শিরোনামের চলচ্চিত্রে নাম-ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

অনন্যা রুমা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ‘আমার পরিচালনায় নতুন চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’। নাম-ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবিতে আরও অনেক গুণী অভিনয়শিল্পী আছেন। এটি ৫টি ভাষায় নির্মাণ করা হবে।’

এদিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত অপু বিশ্বাস। জানালেন, এটি তার স্বপ্নের চরিত্র। চরিত্রটি চলচ্চিত্র ক্যারিয়ারে অন্যরকম এক পাওয়া বলে অভিহিত করেন তিনি।

গত শুক্রবার জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় ছবিটির মহরত অনুষ্ঠান। পরিচালক জানিয়েছেন শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে।