সাংবাদিক হয়ে একে অপরের সাক্ষাৎকার নিলেন রুবেল-শরিফুল

একজন জাতীয় দলে খেলছেন দীর্ঘদিন। আরেকজন একেবারেই তরুণ। নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ দলের এমন দুই ক্রিকেটার হাজির হলেন ভিন্নভাবে। ১৫৭ আন্তর্জাতিক ম্যাচ খেলা রুবেল হোসেন ও অভিষেকের অপেক্ষায় থাকা শরিফুল ইসলাম বনে গেলেন সাংবাদিক। একে অপরের সাক্ষাৎকার নিলেন দুজন।

রবিবার কুইন্সটাউনের জন ডেভিস ওভাল মাঠে অনুশীলন করে বাংলাদেশ দল। অনুশীলনের ফাঁকেই রুবেল ও শরিফুল একে অপরকে সাক্ষাৎকার নেন।

কি ছিল তাদের সেই সাক্ষাৎকার পর্বে? বিসিবি প্রেরিত ভিডিও থেকে তাদের কথোপকথন তুলে ধরা হলো-

যখন শরিফুলের মুখোমুখি রুবেল

শরিফুল: নিউজিল্যান্ডে কেমন লাগছে?

রুবেল: নিউজিল্যান্ডে তো এর আগেও অনেক এসেছি। নিউজিল্যান্ডের কন্ডিশনে আসলে বোলিং করতে ভালো লাগারই কথা। এখানকার উইকেট সুন্দর থাকে, স্পোর্টিং থাকে, ব্যাটসম্যানদের জন্য হেল্প ফুল। কিন্তু বোলাররা যদি ভালো জায়গায় বল করতে পারে, প্ল্যান অনুযায়ী, আমার কাছে মনে হয় বোলারদের জন্যও ভালো হবে।

শরিফুল: আমার কাছে মনে হয় আপনি বাংলাদেশের সফলতম পেসারদের একজন। নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচে জেতানোর অনেক অভিজ্ঞতা আপনার আছে। দর্শকেরা আপনার কাছে অনেক কিছু আশা করে। তো আপনি এখন কতটুকু চেষ্টা করছেন নিজের সেরাটা দেওয়ার?

রুবেল: অবশ্যই, কারণ আমি সব সময়ই চেষ্টা করি। ইনশা আল্লাহ সামনে আমি যদি সুযোগ পাই আমি আমার শতভাগ দেব। সেই সঙ্গে আমি আমার ভালো স্মৃতিগুলো, কীভাবে নিউজিল্যান্ডের সঙ্গে ভালো খেলেছিলাম, চেষ্টা করব নিজের মাথায় নেওয়ার জন্য। দলের প্ল্যান অনুযায়ী এক্সেকিউশনটা খুব ভালো করতে হবে। এটাই আর কী। ইনশা আল্লাহ আই উইল ট্রাই মাই লেভেল বেষ্ট।

শরিফুল: নিউজিল্যান্ডে এসে বাংলাদেশ কোনো ম্যাচ জেতেনি। এবার কি সেই রেকর্ডটা ভাঙতে পারব? আপনার কতটুকু কনফিডেন্স?

রুবেল: ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ, অবশ্যই। কারণ আমরা যে টিম আছি, আমি পারসোনালি মনে করি আমাদের সেই অ্যাবিলিটি আছে। ইনশা আল্লাহ আমরা যদি সবাই প্ল্যান অনুযায়ী, উইকেটের সঙ্গে, উইকেটটায় গিয়ে আমরা যদি খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারি। টিমের তো অবশ্যই একটা প্ল্যান থাকে। আমরা সবাই যদি নিজেদের সেরাটা দিতে পারি তো নিউজিল্যান্ডের সঙ্গে ভালো কিছু হবে ইনশা আল্লাহ।

যখন রুবেলের মুখোমুখি শরিফুল

রুবেল: প্র্যাকটিস কেমন চলছে?

শরিফুল: আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে।

রুবেল: নিউজিল্যান্ডের উইকেট কেমন মনে হচ্ছে? তোমার তো প্রথম ট্যুর।

শরিফুল: উইকেটটা অনেক ভালো মনে হচ্ছে। স্কোরিং উইকেট, অ্যানিথিং ওয়াইড, পানিশড। জাস্ট লাইন অ্যান্ড লেংথে ঠিক করে বল করতে হবে।

রুবেল: তোমার প্রস্তুতি কেমন নিচ্ছ? ওদের কন্ডিশনে নিউজিল্যান্ড অনেক টাফ টিম, তো তোমার প্রস্তুতি কেমন?

শরিফুল: প্রস্তুতি তো আল্লাহর রহমতে ভালোই আছে। ওদের দেশ, ওদের সব জানা। তো ওদের সঙ্গে খেলা একটু কঠিনই হবে। চেষ্টা করব নিজের প্ল্যানে থাকার।

রুবেল: তোমার স্ট্রোক বল কোনটা? সেটায় মনোযোগ দিচ্ছ বেশি?

শরিফুল: হ্যাঁ, স্ট্রোক বলটায় মনোযোগ দিচ্ছি, স্টাম্প টু স্টাম্প, হালকা সুইং।

রুবেল: ঠিক আছে, গুড লাক, বেষ্ট উইশেস ফর ইউ ব্রাদার।