মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

বুধবার থেকে ১০ দিনব্যাপি নাট্য উৎসব

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনব্যাপি নাট্য উৎসব আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। আগামী ১৭-২৬ মার্চ রাজধানীর নাটক সরণীর (বেইলী রোড) মহিলা সমিতি মিলনায়তনে এ নাট্য উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবের সহযোগিতায় রয়েছে বাংলাদেশ সমিতি।

এই উৎসব মঞ্চায়িত হবে ১০ নাট্য প্রযোজনা। উৎসবের প্রথম দিন বুধবার (১৭ মার্চ) থিয়েটার আর্ট ইউনিট মঞ্চস্থ করবে ‘কোর্ট মার্শাল’ নাটকটি। পরদিন ঢাকা নান্দনিকের ‘গ্রহণকাল’ মঞ্চস্থ হবে।

এছাড়া লোক নাট্যদলের (বনানী) নাটক ‘ঠিকানা’, শব্দ নাট্যচর্চা কেন্দ্রের নাটক ‘রাইফেল’, নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বলের নাটক ‘তোরা সব জয়ধ্বনি কর’, ঢাকা পদাতিকের নাটক ‘কথা ৭১’, খেয়ালী নাট্য গোষ্ঠীর নাটক ‘কদমতলী আর্মি ক্যাম্প’, প্রাঙ্গণেমোর এর নাটক ‘কনডেমড সেল’, পদাতিক নাট্য সংসদের (টিএসসি) নাটক ‘কাল রাত্রি’ মঞ্চস্থ হবে।

২৬ মার্চ উৎসবের সমাপনী দিন মঞ্চস্থ হবে থিয়েটার (বেইলী রোড) এর নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’।