ব্যস্ততা বেড়েছে চিত্রনায়কদেরও

চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া সম্প্রতি ১০০ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়ে হইচই ফেলে দেয়। এর আগে মোহনা মুভিজ ১০০ সিনেমা নির্মাণের ঘোষণা দেয়। তবে মুভিগুলো খুব বড় আয়োজনে হবে না বলেও ধারণা করা হয়। তাই একদিক থেকে অনেকে বলছেন, এটি দেশের চলচ্চিত্রের চাকা সচল করতে সাহায্য করবে। অভাব অনটনে থাকা কলাকুশলীরা কাজ পাবেন। অন্যদিকে শাকিব খানের মতো সুপারস্টার থেকে শুরু করে অনেকে বলছেন, এ উদ্যোগের ফলে মুভির মান খারাপ হবে। কারণ এসব সিনেমার বাজেট খুব সীমিত। পৃথিবীর সবখানে যখন আগের তুলনায় অনেক বেশি বাজেটে মুভি নির্মাণ করে দর্শকদের আকৃষ্ট করা চেষ্টা চলছে তখন আমাদের দেশে উল্টো সিনেমার বাজেট তলানিতে গিয়ে ঠেকছে বলে মন্তব্য করছেন কেউ কেউ। এর ফলে দর্শক ভালো মানের সিনেমা না দেখতে পেয়ে হলবিমুখ হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তবে চলচ্চিত্রের কাজের গতি লক্ষ করা যাচ্ছে সর্বত্র। দীর্ঘদিন ধরে সিনেমায় কাজ করে আসা কিছু চিত্রনায়কের ব্যস্ততা আগের তুলনায় অনেক বেড়েছে। এমনকি যারা ভালো কাজ পাচ্ছিলেন না বলে অপেক্ষায় ছিলেন তারাও কেউ কেউ শ্যুটিং শুরু করেছেন।

চিত্রনায়ক আমান রেজা সিনেমার পাশাপাশি বিজ্ঞাপন ও ওয়েবের কাজ নিয়ে ব্যস্ত থাকেন সবসময়। লকডাউনের মধ্যেই এক ডজনের মতো বিজ্ঞাপনে কাজ করেছেন। সম্প্রতি কলকাতায় মুক্তি পেয়েছে তার মুভি ‘জোকার’। এটি সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত সর্বশেষ মুভিও বটে। তবে এখন সিনেমার ব্যস্ততা তার আরও বেড়েছে। বলছিলেন, ‘সম্প্রতি শিহাব শাহীনের “যদি কিন্তু তবুও” ওয়েব ফিল্মের কাজ শেষ করেছি। এটি জি ফাইভে মুক্তি পাবে। সহশিল্পী ছিলেন নুসরাত ফারিয়া, অপূর্বসহ অনেকে। তার আগে মিনহাজ কিবরিয়ার আন্তর্জাতিক সিনেমা “বিফোর আই ডাই”-এর কাজ শেষ করেছি। এর এক্সিকিউটিভ প্রডিউসারও আমি। ইচ্ছা আছে আমার প্রোডাকশন হাউজ অ্যাডবক্স থেকে এ পরিচালকের সঙ্গে আরও একাধিক সিনেমা করার। এর বাইরে সম্প্রতি শাপলা মিডিয়ার একটি মুভিতে চুক্তি করেছি। তাদের আরও বেশ কয়েকটি সিনেমা করারও কথা হচ্ছে। সম্প্রতি ডাবিং শেষ করলাম মিমোর সঙ্গে “শতরূপে শতবার” মুভির। মনতাজুর রহমান আকবরের “আয়না” ও জিএম ফারুকের “ট্রেইল অব ডার্কনেস” মুভির কাজ শেষের দিকে। ইফতেখার চৌধুরীর “মুক্তি”ও হাতে আছে। এছাড়া ১৯ মার্চ মুক্তি পাচ্ছে অরণ্য পলাশের পরিচালনায় “গন্তব্য”। এতে সহশিল্পী ফেরদৌস আহমেদ ও আইরিন সুলতানা।’

ড্যাশিং হিরো সাঞ্জু জন সম্প্রতি শেষ করেছেন ব্যস্ত নির্মাতা সৈকত নাসিরের ‘বর্ডার’ মুভিটি। এতে তার সহশিল্পী অধরা খান ও মৌমিতা মৌ। শাপলা মিডিয়ার ১০০ সিনেমার মধ্যে বেশকিছুর ব্যাপারেও তার সঙ্গে কথা হয়েছে। এর মধ্যে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন মুস্তাফিজুর রহমান বাবুর পরিচালনায় ‘হৃদ মাঝারে’ মুভিতে। এতে তার নায়িকা আইরিন সুলতানা। বাপ্পী খানের পরিচালনায় বিপাশা কবিরের সঙ্গে করেছেন ‘সোলমেট’। ২১ মার্চ থেকে শুরু করবেন সাইফ চন্দনের নতুন মুভি ‘পোস্টার’-এর কাজ। সাঞ্জু বলেন, ‘ব্যস্ততা আগের চেয়ে অনেক বেড়েছে। একের পর সিনেমায় কাজ করছি। পোস্টার মুভিটি নির্মিত হচ্ছে ফ্যাশন ইন্ডাস্ট্রির গল্প নিয়ে। সামনে আরও বেশকিছু মুভির ঘোষণা দেব।’

সুঠাম দেহের চিত্রনায়ক সাইফ খান মাঝে খুব একটা কাজ করেননি। বলতে গেলে শোবিজ থেকে দূরেই চলে গিয়েছিলেন। কিন্তু করোনার পর নতুন ইনিংস শুরু করেছেন তিনি। বললেন, ‘কামব্যাক করেই বেশকিছু ভালো গল্পের সিনেমা পেয়েছি। এরই মধ্যে ৫০ শতাংশ কাজ শেষ করে এসেছি কলকাতার মুভি “নীল দরিয়ার মাঝি”র। পান্না হোসেনের পরিচালনায় এতে আমার নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। এরপরই শুরু করেছিলাম রাকিবুল আলম রাকিবের “সীমানা”। চিত্রনায়িকা কেয়ার বিপরীতে এ মুভিটি নির্মাণ করছে মোহনা মুভিজ। এরপর চুক্তিবদ্ধ হয়েছি শাপলা মিডিয়ার “জেদি মেয়ে”তে। রেজা হাসমতের এ মুভির নায়িকা বিপাশা কবির।’

মিষ্টি চেহারার দীর্ঘদেহী নায়ক জয় চৌধুরীও বেশকিছু সিনেমার কাজ করছেন। জনপ্রিয় নির্মাতা মোন্তাজুর রহমান আকবরের ‘আয়না’ ও ‘অমানুষ হলেও মানুষ’ সিনেমা দুটির কাজ শেষ। শাপলা মিডিয়ার ব্যানারে নায়িকা আঁচলের সঙ্গে কাজ করছেন ‘এক পশলা বৃষ্টি’তে। সত্য ঘটনা অবলম্বনে ওয়েব ফিল্ম ‘সাইকো লাভার’ রয়েছে তার হাতে। সবুজ খানের পরিচালনায় এতে তার সহশিল্পী আফফান মিতুল ও অরিন। জয় বলছিলেন, ‘শাপলা মিডিয়ার আরও কয়েকটি মুভিতে কাজের কথা চলছে। যেগুলো করছি প্রতিটির গল্প সুন্দর। ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হব। আশা করছি দর্শকের ভালো লাগবে।’

এছাড়া জনপ্রিয় চিত্রনায়ক ইমন, নিরবেরও ব্যস্ততা আগের থেকে অনেক বেড়েছে। ভালো মুভির অপেক্ষায় থাকা চিত্রনায়ক আরজু ও শাহরিয়াজও কাজে ফিরেছেন সম্প্রতি।