দেশের আবাসন খাতে রূপায়ণ হাউজিং এস্টেট সুনামের সঙ্গে কাজ করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নবনির্বাচিত মেয়র এম রেজাউল করিম চৌধুরী। তিনি বলেছেন, আধুনিক স্থাপত্যশৈলীতে রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে রূপায়ণ হাউজিং এস্টেট বহুতল ভবন নির্মাণ করছে। এর মাধ্যমে দেশের আবাসন খাত সমৃদ্ধ হচ্ছে।
গতকাল রবিবার দুপুরে রূপায়ণ হাউজিং এস্টেট চট্টগ্রাম অফিসের কর্মকর্তারা চসিকের নবনির্বাচিত মেয়রের সঙ্গে শুভেচ্ছাবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
চসিক মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আবাসনশিল্পসহ দেশ পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে। ৫টি মৌলিক অধিকারের মধ্যে বাসস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবাসনশিল্পের মাধ্যমে এই বাসস্থান নিশ্চিত হচ্ছে। রূপায়ণ গ্রুপের “রূপায়ণ সিটি উত্তরা” প্রকল্পটি একটি নান্দনিক প্রকল্প। প্রকল্পটি দেশের একমাত্র প্রিমিয়াম মেগা গেইটেড। পাশাপাশি রূপায়ণ গ্রুপের দেশ রূপান্তর ও এশিয়ান টিভিও সুনামের সঙ্গে কাজ করছে বলে উল্লেখ করেন সিটি মেয়র। সিটি মেয়রের সঙ্গে শুভেচ্ছাবিনিময়কালে রূপায়ণ সিটি উত্তরা চট্টগ্রাম শাখার প্রধান মিজানুর রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।