১৯ মার্চ মুক্তি পেতে যাচ্ছে তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’। ইতিমধ্যেই ছবিটির পোস্টার ও ট্রেইলার প্রকাশিত হয়েছে। সিনেভক্তদের মাঝে অন্যরকম একটা উন্মাদনাও তৈরি হয়েছে সিনেমাটি নিয়ে। ঠিক এই সময়েই জানা গেল, বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে ছবিটি। সেন্সর বোর্ডের সদস্যরা তৌকীর আহমেদের এই সিনেমার বেশ প্রশংসাও করেছেন। চিত্রনাট্য, দৃশ্যায়ন, সংলাপ, শিল্পীদের অভিনয় মন ছুঁয়েছে বোর্ডের সদস্যদের। যা থেকে আশা করা যায়, সিনেমাটি মুক্তির পর দর্শকেরও মন জয় করতে সক্ষম হবে।
তৌকির আহমেদ জানান, ‘স্ফুলিঙ্গ’-এ দুই প্রজন্মের গল্প তুলে ধরা হবে। থাকছে একটি ব্যান্ডের কাহিনিও। মূলত বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনার সঙ্গে তারুণ্যের একটি মেলবন্ধন পাওয়া যাবে এতে।
ছবির চারটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পরীমনি, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম ও রওনক হাসান। আরও অভিনয় করেছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চুর মতো শিল্পীরা।
সিনেমাটির সংগীত পরিচালনার করছেন পিন্টু ঘোষ। চলচ্চিত্রটি প্রযোজনা করছে স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন। সিনেমাটির পরিবেশনার দায়িত্বে আছে ‘দ্য অভি কথাচিত্র’।