টাঙ্গাইলের মির্জাপুরে রোজিনা (২০) নামে এক কলেজছাত্রী গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
সোমবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারী ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি লাউহাটি এম আরফান আলী ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির ছাত্রী এবং চামারী ফতেপুর গ্রামের রেজন মিয়ার মেয়ে বলে জানা গেছে।
আনাইতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সোমবার সকাল সোয় ৯টার দিকে রোজিনা গোসল করার কথা বলে বাথরুমে যান। সেখানে দরজা আটকে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরিবারের লোকজন বুঝতে পেরে দরজা ভেঙে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেয়ার পথে ভাবখন্ড বাজারে পৌঁছালে সেখানে তার মৃত্যু হয়। পরে দুপুরে চামারী ফতেপুর গ্রামের সামাজিক কবরাস্থানে তাকে দাফন করা হয়।
আনাইতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়ে এমনিতে খুবই পর্দানশীন হলেও মাঝেমধ্যে মানসিকভাবে বিপর্যস্ত থাকত।
এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিজাউল হক দিপু বলেন, বিষয়টি জানতে পেরেছি। দাফন সম্পন্ন হয়েছে। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।