চট্টগ্রামে প্রতিদিন করোনা রোগী বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্যবিধি মানাতে এবং মাস্ক পরিধান নিশ্চিতে চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ সড়কে অভিযান চালাচ্ছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
সোমবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর কোতোয়ালি, নিউমার্কেট, আন্দরকিল্লা, আগ্রাবাদ মোড়, জিইসি মোড়, চকবাজার ও বহদ্দারহাট এলাকায় অভিযান পরিচালনা করেন। তারা মানুষকে সচেতন করার লক্ষ্যে জরিমানা ছাড়াই অভিযান করেন। পাশাপাশি ৬ জন ম্যাজিস্ট্রেট প্রায় দুই হাজার মাস্ক বিতরণ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, ইদানীং লক্ষ করা যাচ্ছে মানুষের মাঝে মাস্ক না পরার প্রবণতা বাড়ছে। ফলে মানুষ স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছে। তাই আবারও আমরা জোরালোভাবে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব। কয়েক দিন সকলকে সচেতন করার লক্ষ্যে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, বিপণিবিতান, শপিং মল ও বাস স্ট্যান্ডে অভিযান পরিচালনা করব। পরবর্তীতে যদি দেখা যায় মানুষ অবহেলা করে মাস্ক না পরে, তাহলে অবশ্যই আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।