অশ্লীল, কুরুচিপূর্ণ অভিনয় বন্ধের আহ্বান ‘অভিনয় শিল্পী সংঘে’র

বেশ কিছু অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে টনক নড়েছে নাট্যাঙ্গনে। ফলে কুৎসিত অঙ্গভঙ্গি, কুরুচিপূর্ণ সংলাপ, সামাজিক রীতিবিরুদ্ধ আচার আচরণ যুক্ত নাটকে অভিনয় করে কেউ যেন সমালোচিত না হয় সে বিষয়ে সতর্ক করে দিল ‘অভিনয় শিল্পী সংঘ’। মূলত কয়েকজন তারকার গ্রেপ্তার হওয়ার ঘটনায় এমন পদক্ষেপ সংগঠনটির।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক রওনক হাসানসহ আরও বেশ ক'জন একটি বিজ্ঞপ্তি ফেসবুকে পোস্ট করেছেন। সেখানে সব সদস্যকে এই বিষয়টির প্রতি সাবধান থাকার পরামর্শ দেয়া হয়েছে।

পোস্টে বলা হয়েছে, ‘বিগত বেশ কিছু দিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে, স্বস্তা জনপ্রিয়তা বা তথাকথিত ভাইরাল হওয়ার বাসনায় কতিপয় অভিনেতা, নাট্যকার, পরিচালক ও প্রযোজক কুৎসিত অঙ্গভঙ্গি, কুরুচিপূর্ণ সংলাপ, সামাজিক রীতিবিরুদ্ধ আচার আচরণ যুক্ত নাটকে অভিনয়, রচনা, পরিচালনা ও প্রযোজনা করছেন। সামাজিক ও আইনগত ভাবে যা মোটেই গ্রহণযোগ্য নয়। ইতিমধ্যে একাধিক অভিনেতা ও পরিচালক পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। অভিনয় শিল্পী সংঘ মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে এনেছে। এ ধরনের কাজে লিপ্ত থেকে ভবিষ্যতে কেউ আইনি জটিলতায় জড়িয়ে গেলে আমাদের পক্ষে তাদের পাশে দাঁড়ানো সম্ভব হবে না। সমাজের প্রতি শিল্পীর দায়বদ্ধতা আছে। সত্যিকারের শিল্পী কখনোই সমাজে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়, বা সমাজে ক্ষতিকর প্রভাব বিস্তার করে এমন কোনো কাজে লিপ্ত থাকেন না। আমরা এ ধরনের সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সকল অভিনয়শিল্পীদের প্রতি অনুরোধ করছি এ ধরনের যেকোনো অভিনয়ের সঙ্গে যুক্ত হওয়ার আগে নিজের, পরিবারের এবং সমাজের কথা ভেবে সিদ্ধান্ত গ্রহণ করবেন। সেই সঙ্গে সকল নাট্যকার, পরিচালক ও প্রযোজকদের প্রতি অনুরোধ রইলো এ ধরনের নাটক নির্মাণ থেকে বিরত থাকবার জন্য।’

সময়ের নতুন প্ল্যাটফর্ম ওটিটিকে সঠিকভাবে ব্যবহারের অনুরোধ জানিয়ে শিল্পী সংঘ থেকে বলা হয়েছে, ‘ওটিটি এক বিশাল সম্ভাবনা নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। ওটিটি নিয়ে যখন আমরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছি তখনই এহেন স্থুল, অরুচিকর বিবেকবোধ বর্জিত প্রযোজনা অঙ্কুরেই এই সম্ভাবনাময় প্ল্যাটফর্ম কে গলা টিপে হত্যা করতে পারে। সবাইকে এখনই সচেতন হওয়ার জন্য আহ্বান করছি। অভিনয়শিল্পী সংঘ।’