সড়কে প্রাণ গেল ৩ জনের

গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় রাইড শেয়ার পাঠাওয়ের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তার নাম মাজহারুল ইসলাম (২৮)। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার তেঁতুইতলা এলাকার আবদুর রশিদের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার এসআই ইব্রাহিম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা থেকে গতকাল সোমবার সকাল পৌনে ৯টার দিকে মোটরসাইকেলে করে ভোগড়া বাইপাস মোড়ের দিকে যাচ্ছিলেন মাজহারুল। পথে চৌধুরীবাড়ি এলাকায় পৌঁছলে পেছন থেকে  বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাজহারুল মারা যান।

কিশোরগঞ্জে ট্রাক্টরচাপায় যুবক নিহত : জেলার পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজারে ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী সুমন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি হোসেনপুর উপজেলার সাহেদল ইউনিয়নের দাপুনিয়া গ্রামের আবদুল হান্নানের ছেলে।

পুলিশ জানায়, গতকাল সকাল ১০টার দিকে সুমন মোটরসাইকেলে করে বাড়ি থেকে কটিয়াদী যাচ্ছিলেন। পুলেরঘাট বাজারে পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুমন নিহত হন।

নাটোরে কাভার্ড ভ্যানচালক নিহত : নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় মোস্তফা কামাল (৪২) নামে এক কাভার্ড ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।