অসুস্থ ইশরাক সুস্থতা কামনা মির্জা ফখরুলের

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনিসহ দলের অন্য অসুস্থ নেতাদের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের তরুণ নেতা গত নির্বাচনে যিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ধানের শীষের প্রার্থী ছিলেন তিনি হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। আমরা দোয়া চাই তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।’

জানতে চাইলে ইশরাক হোসেনের প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ দেশ রূপান্তরকে  বলেন, ‘ইশরাক হোসেন গত রবিবার রাত থেকে জ্বর-সর্দি-কাশিতে ভুগছেন। আপাতত বাসায় থেকেই চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।’

তিনি বলেন, ‘গত রবিবার রাতে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কারাবন্দি রফিকুল আলম মজনুর বাসায় তার পরিবারের খোঁজখবর নিতে গিয়েছিলেন ইশরাক হোসেন। সেখান থেকে নিজ বাসায় ফেরার পর তিনি জ্বরে আক্রান্ত হন।’