কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর মাহবুবর রহমানের দায়ের করা ১০০ কোটি টাকার মানহানি মামলা থেকে ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলামকে অব্যাহতি দিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন এ আদেশ দেন। এর আগে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পর গত ১ মার্চ আদালত কর্তৃক চার্জ শুনানির ধার্যকৃত দিন ছিল আজ।
তবে এ মামলার অপর আসামি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনপূর্বক মামলা চলবে বলে আদালত জানিয়েছে। এ সময় ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম ও ছাত্রলীগ নেতা মিজানুর রহমান আদালতে উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে বিবাদীপক্ষের কৌঁসুলি অ্যাড. হাসানুল আসকার হাসু বলেন, সোমবার মামলাটির চার্জ গঠনের দিন ধার্য ছিল। বিজ্ঞ আদালত বিবাদী ও রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের শুনানি শেষে মামলার বিবাদী সাংবাদিক মঞ্জুরুল ইসলামকে অব্যাহতি দেয় এবং অপর আসামি ছাত্রলীগ নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিয়েছে।