স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষ ও প্রতিষ্ঠানের রজতজয়ন্তী উপলক্ষে ব্যাপক কর্মসূচির আয়োজন করছে মুক্তিযুদ্ধ জাদুঘর। আগামী ২২ মার্চ প্রতিষ্ঠানটির ২৫ বছর পূর্ণ হচ্ছে। আগামীকাল বুধবার ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিশু-কিশোর আনন্দানুষ্ঠানের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। মূলত গত ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের পঞ্চাশতম বার্ষিকী উদ্যাপনের মধ্য দিয়ে ধারাবাহিক আয়োজনের সূচনা করে মুক্তিযুদ্ধ জাদুঘর।
৭ মার্চ সকালে জাদুঘর প্রাঙ্গণে প্রতীকী ইটে ছবি এঁকে মুক্তিযুদ্ধের ম্যুরাল নির্মাণ করে ঐকতান শিশু সংগঠনের প্রায় দুইশ শিশু-কিশোর। বিকেলে ৭ র্মাচ স্মরণে ‘The struggle this time is the struggle for our emancipation’ শীর্ষক বক্তব্য প্রদান করেন ইতিহাসবিদ হেলেন জার্ভিস।
মুক্তিযুদ্ধ জাদুঘরের বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে প্রতিষ্ঠানটির রজতজয়ন্তী উদযাপন, গণহত্যা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন, কালরাত্রি স্মরণে প্রদীপ প্রজ্বালন, শোক থেকে শক্তি অদম্য পদযাত্রা।
প্রতিষ্ঠানের রজতজয়ন্তী : আগামী ২২ মার্চ মুক্তিযুদ্ধ জাদুঘর ২৫ বছর পূর্ণ করতে যাচ্ছে। এইদিন সন্ধ্যা ৭টায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ও ভার্চুয়াল মিডিয়ায় রজতজয়ন্তীর অনুষ্ঠানে বক্তব্য প্রদান করবেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারোয়ার আলী ও আসাদুজ্জামান নূর (এমপি), বার্ষিক প্রতিবেদন পেশ করবেন ট্রাস্টি ও সদস্য-সচিব সারা যাকের। প্রতিষ্ঠাবার্ষিকী স্মারক বক্তব্য প্রদান করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইতিহাসবিদ দীপেশ চক্রবর্তী। সাংস্কৃতিক অনুষ্ঠানে শুক্লা সরকারের পরিচালনায় নৃত্য পরিবেশন করবে ধ্রুপদ কলাকেন্দ্র এবং সংগীত পরিবেশন করবেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এর আগে ২১ মার্চ রাতে জাদুঘরের পরিপাশির্^ক রাস্তা অলংকরণ ও আলপনা অঙ্কন করবেন ইউনিভার্সিটি অব ডেভেলভমেন্ট অল্টারনেটিভ (ইউডিএ)-এর চারুকলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
গণহত্যা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন : গত ১২ মার্চ ১৯টি আন্তর্জাতিক সংগঠনের সহায়তায় অনলাইনে Commemorating Past Genocide and Learning to Prevent Atrocity Crimes শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে। সকাল ৯টা থেকে অনলাইনে ২৪ ঘণ্টাব্যাপী পৃথিবীজুড়ে ভৌগোলিক সময় অঞ্চল অনুযায়ী ২৭টি দেশের অংশগ্রহণে ২৭টি কর্মঅধিবেশনে ৭৭ জন বক্তা আলোচনায় অংশগ্রহণ করেন।
মুক্তির জয়গান : নতুন প্রজন্মের সঙ্গে মুক্তিযুদ্ধ জাদুঘরের নিবিড় যোগাযোগ গড়ে তোলার মাধ্যমে গৌরবময় মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে তাদের অবগত করানোর লক্ষ্যে মুক্তিযুদ্ধ জাদুঘর দ্বিতীয়বারের মতো তিন দিনব্যাপী মুক্তির জয়গান (ফ্রিডম মিউজিক ফেস্ট) শীর্ষক ব্যান্ড সংগীত উৎসবের আয়োজন করে।
কালরাত্রি স্মরণে প্রদীপ প্রজ্বালন : ২৫ মার্চ সন্ধ্যা সাড়ে ছয়টায় জাদুঘরের শিখা চিরঅম্লানকে ঘিরে মুক্তিযুদ্ধ জাদুঘরের কর্মী, সুহৃদ ও শহীদ পরিবারের সদস্যরা মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
জল্লাদখানা স্মৃতিপীঠে স্বাধীনতা উৎসব : মিরপুর দশ নম্বর সেক্টরের ঝুটপট্টিতে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর পরিচালিত একাত্তরের গণহত্যার জ¦লন্ত সাক্ষী জল্লাদখানা স্মৃতিপীঠে ২৫ ও ২৬ মার্চ দুদিনব্যাপী গণহত্যা দিবস ও স্বাধীনতা উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠান চলবে।
শোক থেকে শক্তি অদম্য পদযাত্রা : স্বাধীনতা দিবস উদ্যাপনের লক্ষ্যে বর্তমান প্রজন্মের একদল ‘অভিযাত্রী’ গত সাত বছর ধরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত পদযাত্রা করে আসছে। ২৬ মার্চ ২০২১, শুক্রবার, সকাল ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু হয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থাপনা প্রদক্ষিণ করে সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শেষ হবে।