টিকা নেওয়ার পর করোনায় আক্রান্ত গুজরাটের মন্ত্রী

টিকা নেওয়ার পর করোনায় আক্রান্ত হলেন ভারতের গুজরাট রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী ঈশ্বরসিন প্যাটেল।

দেশটির সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার সকালে তার রিপোর্ট পজিটিভ এসেছে। এর দুদিন আগে শনিবার টিকা নেন ঈশ্বরসিন।

টুইটারে নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানান ঈশ্বরসিন। গুজরাটি ভাষায় এক বার্তায় জানান, তার কভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। গত কয়েক দিনে যারা সংস্পর্শে এসেছেন তাদের টেস্ট করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

এ দিকে এখনো পর্যন্ত গুজরাটে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৯ হাজার ৯৭ জন। শুধুমাত্র সোমবার সেখানে আক্রান্ত হয়েছেন ৮৯০ জন। এখনো পর্যন্ত এই রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৬৯ হাজার ৯৫৫ জন, মারা গেছেন ৪ হাজার ৪২৫ জন।

গুজরাট প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, সোমবার সেখানে ১ লাখ ৭ হাজার ৩২৩ জনকে কভিড টিকা দেওয়া হয়েছে। কিন্তু টিকাকরণের পরেও রাজ্যের মন্ত্রী করোনা আক্রান্ত হওয়ায় কিছুটা উদ্বেগ ছড়িয়েছে।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার জানায়, মঙ্গলবার দুপুর নাগাদ ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ১৪ লাখ ৯ হাজার ৮৩১ জন ও মারা গেছেন ১ লাখ ৫৮ হাজার ৮৯২ জন। আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে ভারতের অবস্থান বিশ্বে তৃতীয়।