উদ্বোধন হলেও করোনা সংক্রমণ বাড়লে স্থগিত হতে পারে বইমেলা

ঘোষিত সময়ে বইমেলা শুরু হলেও করোনা সংক্রমণ বাড়লে পরিস্থিতি পর্যালোচনা করা হবে এবং মেলা স্থগিত হতে পারে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

বইমেলা উপলক্ষে মঙ্গলবার বাংলা একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গত দুই সপ্তাহের বেশি সময় ধরে দেশে করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। প্রায় দেড়গুণ হারে বাড়তে থাকা এ সংক্রমণ আরও দুই সপ্তাহ অব্যাহত থাকলে করোনার দ্বিতীয় ঢেউয়ের মুখে পড়বে বাংলাদেশ।

স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সোমবারের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় তিন মাসের মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৭৭৩ রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ২৬ জন, যা গত ৭ জানুয়ারির পর সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বইমেলার উদ্বোধন করবেন। তবে করোনা সংক্রমণ বাড়লে পরিস্থিতি পর্যালোচনা করা হবে এবং মেলা স্থগিত হতে পারে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের বইমেলা ১৮ মার্চ থেকে শুরু হয়ে চলবে আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত।

প্রধানমন্ত্রী ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন এবং শেখ মুজিবুর রহমানের লেখা ‘আমার দেখা নয়া চীন’- এর ইংরেজি অনুবাদ গ্রন্থ উন্মোচন করবেন।

এবারের মেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে মোট ৫৪০টি প্রতিষ্ঠানকে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে একাডেমি প্রাঙ্গণে ১০৭টি প্রতিষ্ঠানকে ১৫৪টি আর সোহরাওয়ার্দী উদ্যানে ৪৩৩টি প্রতিষ্ঠানকে ৬৮০টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে।