বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে কলকাতার দুই শিল্পীর অন্যরকম প্রয়াস

শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে পৃথিবীর সাতটি দেশ থেকে সাতটি গান তৈরি করছেন কলকাতার বাচিকশিল্পী ও গীতিকার শুভদীপ চক্রবর্তী এবং গায়ক ও সংগীত পরিচালক চিরন্তন ব্যানার্জি।

ঢাকা-কলকাতাসহ অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, জাপান ও সিঙ্গাপুরের শিল্পীরা অংশ নিয়েছেন এই বিশেষ প্রকল্পে।

তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের শামা রহমান, মনি জামান, আলিফ আলাউদ্দিন, সামিনা চৌধুরী, কলকাতার রূপঙ্কর বাগচী, রাঘব চট্টোপাধ্যায়, জয়তী চক্রবর্তী, ইমন চক্রবর্তী, কানাডার ফারহানা শান্তা, অস্ট্রেলিয়া থেকে শিল্পী দে, আমেরিকার মারভিন অধিকারী রূপম, তনিমা হাদি প্রমুখ।

শুভদীপের ভাবনায় ও কথায় এবং চিরন্তনের সুরে ও সামগ্রিক সংগীত পরিচালনায় কলকাতা থেকে মুজিববর্ষে এইরকম কাজ একেবারই প্রথম।

এ ছাড়াও কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশন থেকে বঙ্গবন্ধুর সাতই  মার্চের ভাষণকে কেন্দ্র করে ‘বজ্রকণ্ঠের আহ্বান’ শীর্ষক একটি গান তৈরি করেছেন শুভদীপ-চিরন্তন।

বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি শামীমা ইয়াসমিন সাথীর ভাবনায় শুভদীপের কথায় গানটির সুরারোপ ও সংগীত পরিচালনা সহ গানটিতে মূল কণ্ঠ দিয়েছেন চিরন্তন নিজে। সমবেত কণ্ঠে  মাননীয় উপ হাইকমিশনার জনাব তৌফিক হাসান, শামীমা ইয়াসমিন সাথীসহ কলকাতায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা।