রাজশাহীতে জামায়াত-শিবিরের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

রাজশাহীতে জামায়াত-শিবিরের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত নগরের বোয়ালিয়া মডেল থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছে থেকে জিহাদি বই ও ধারাল অস্ত্র উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

জননিরাপত্তা বিঘ্নিত ও সর্বভৌমত্ব বিপন্নের যড়যন্ত্রের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন। 

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, নগরের বর্ণালীর পেছনে চৈতির মোড় এলাকায় মহানগর জামায়াতের আমির নুরুল আউয়ালের নেতৃত্বে ৭৫-৮০ নেতাকর্মী প্রকাশ্যে বৈঠক করে দেশের জননিরাপত্তা বিঘ্নিত ও সর্বভৌমত্ব বিপন্নের যড়যন্ত্র করছে। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে  সেখানে অভিযান চালিয়ে পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করে। এরপর তাদের দেওয়া তথ্যে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে আরো সাতজনকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন, জামায়াত নেতা নগরের বহরমপুর এলাকার মোফাজ্জল হোসেন (৬২), বসুয়ার মাহবুবুল আলম কাজল (৪৭), বেলাল হোসেন (৪৫), শ্যামপুর এলাকার আব্দুল্লাহ (২৩), আব্দুল হক (৪৪), জিয়াউল হক (২৬), ললিতাহার গ্রামের মাহবুব হোসাইন (৩০), খড়খড়ির মাহফুজ (৩২), ললিতাহারের মুরাদ হোসেন লাভলু (৩৭), পবা নতুন পাড়ার মনিরুল ইসলাম মনির (২৪)।

অন্যদিকে মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তাররা হলেন, মহানগর শিবিরের সাবেক সাধারণ সম্পাদক আরমান আলী লিটিল (৪০), আসাম কলোনী এলাকার জামায়াত নেতা আব্দুল আল মোস্তফা (৪৫), গোমস্তাপুর উপজেলার বাজার পাড়া গ্রামের শিবির নেতা শামীম (২৫), কাপাসিয়া গ্রামের রবিউল ইসলাম (৪৮) ও সামাউল কবির (৩৬), ধরমপুর গ্রামের রমজান আলী রমজান (২৭) এবং বড় বনগ্রাম এলাকার রুম্মান (২৭)।

গ্রেপ্তারদের বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।