বৃহস্পতিবার মওদুদ আহমদের মরদেহ দেশে আসবে

সদ্য প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে আসবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে করে মওদুদের মরদেহ দেশে আনা হবে।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় মওদুদ আহমদ মারা যান।

মওদুদের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আইন বিচার ও সদস্য বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী ড. এম এ মোমিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মাদ কাদের, কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, গণফোরামের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

মওদুদ আহমদের দীর্ঘদিনের সহকারী এবং বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন দেশ রূপান্তরকে বলেন, ‘মওদুদ আহমদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের করা ৩২টি মামলা ছিল।’

১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন মওদুদ আহমদ। পরে সামরিক শাসক এইচএম এরশাদ ক্ষমতা দখলের পর তিনি তার দল জাতীয় পার্টিতে যোগ দেন।

এরশাদের সরকারের প্রধানমন্ত্রী, উপ-রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা ব্যারিস্টার মওদুদ পরে আবার বিএনপিতে যোগ দিয়ে খালেদা জিয়ার সরকারের আইনমন্ত্রী ছিলেন। মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসীমউদ্দীন মওদুদ কবি জসীম উদ্দীনের মেয়ে।