শারীরিক প্রতিবন্ধকতা জীবন জয়ের প্রতিবন্ধকতা নয়: সম্প্রচারমন্ত্রী

শারীরিক প্রতিবন্ধকতা জীবন জয়ের প্রতিবন্ধকতা নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবি ব্যাংক আয়োজিত অটিস্টিক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আমরা যদি তেমন শিশু-কিশোরকে ঠিকভাবে লালন করতে পারি, তার পরিচর্যা করতে পারি তিনিও বিশ্বটাকে কাঁপিয়ে দিতে পারেন। দেশের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য তারাও অনেক সম্মান বয়ে নিয়ে আসতে পারে, ইতিহাস সেটিই প্রমাণ করে।’

তিনি আরও বলেন, ‘আজকে আমাদের কেউ আর দরিদ্র বলে অবজ্ঞা করতে পারবে না। পৃথিবীর অন্যতম দরিদ্র দেশ হিসেবে শিরোনামও লিখতে পারবে না। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমরা জাতিসংঘ কর্তৃক ফাইনাল রিকমেন্ডেশন পেয়েছি- ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার মিলিত রক্ত স্রোতের বিনিময়ে অর্জিত বঙ্গবন্ধুর স্বপ্ন লালিত আমাদের বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ।’

এবি ব্যাংকের চেয়ারম্যান মুহাম্মদ এ. রুমী আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল।

এর আগে দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী সাংবাদিকদের জানান, তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তিত হয়ে এখন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় হয়েছে।

তিনি বলেন, ‘আমরা তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নাম পরিবর্তনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে লিখেছিলাম, মন্ত্রিপরিষদ সেটি পর্যালোচনা করে প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে রাষ্ট্রপতির কাছে পাঠালে রাষ্ট্রপতি সেটি অনুমোদন দেয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগ হয়ে গেজেট হয়েছে। এ জন্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই।’

তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এবং সচিব খাজা মিয়া এ সময় উপস্থিত ছিলেন।