কুড়িগ্রামে ফুলবাড়ীতে সেচের অবৈধ বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
মৃত শিশুরা হল- ওই গ্রামের মমিনুল হক ছেলে আল আমিন (১১) ও আজিদুল হকের ছেলে আজিমুল হক (৭)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই ছিলেন।
ওই গ্রামের জিয়াউল হক জিয়া জানান, তার গ্রামের আবুবক্কর মিয়া বাড়ি থেকে বিদ্যুতের সংযোগ দিয়ে নিজ জমিতে বোরো চাষাবাদ করার জন্য সেচ দিয়ে আসছিলেন। সংযোগটি অবৈধ হওয়ায় সংযোগের তার মাটির উপর দিয়ে নিয়ে চালানো হচ্ছিল।
ওই শিশু দু’জন খেলতে গিয়ে ওই তারে জড়িয়ে যায়। এ অবস্থায় তারা বিদ্যুতায়িত হলে অচেতন হয়ে পড়েন। স্বজনরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কর্তব্যরত চিকিৎসক ডা. ফজিলাতুননেছা বন্যা শিশু দু’জনতে মৃত ঘোষণা করেন। বালাটারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়ন করতেন তারা। এদের মধ্যে নিহত আল-আমিন পঞ্চম ও আজিমুল হক প্রথম শ্রেণির ছাত্র ছিল।
নাওডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মুসাব্বের হোসেন মুসা জানান, বিদ্যুৎস্পৃষ্ট আপন চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। থানায় বিষয়টি অবগত করা হয়েছে।
কুড়িগ্রাম-লালমনিহাট পল্লী বিদ্যুৎ সমিতি ফুলবাড়ী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোস্তফা কামাল জানান, অবৈধভাবে সংযোগ নিয়ে সেচ দেয়া হলে তদন্ত করে মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ফুলবাড়ীর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিব কুমার রায় জানান বিদ্যুৎস্পৃষ্ট দুই শিশুর মৃত্যু খবর শুনে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। স্বজনদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।