ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটের আইসিইউতে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। কমিটিতে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় কোভিড ইউনিটের আইসিইউতে বুধবার সকাল ৮টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিস কর্মীরা বেলা সাড়ে ৯টার দিকে তা নিয়ন্ত্রণে আনেন।
ওই ওয়ার্ডের ১৪টি আইসিইউ কক্ষে ১৪ জন রোগী ছিলেন। আগুন লাগার পর তাদের সবাইকে হাসপাতালের অন্য আইসিইউতে সরিয়ে নেওয়া হলেও তিনজনের মৃত্যু হয়।
হাসপাতালের পরিচালক নাজমুল হক বলেন, ‘আগুনে বা ধোঁয়ায় কেউ মারা যাননি। মুমূর্ষু রোগীরা লাইফ সাপোর্ট থাকেন। আগুন লাগার পর অন্য জায়গায় স্থানান্তরের পর চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।’