বিয়ের প্রলোভনে ধর্ষণে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী: সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শরীয়তপুরে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে আবুল হোসেন ভূঁইয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সদর উপজেলার কুন্দরিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

আবুল হোসেন ভূঁইয়া শরীয়তপুর সদর উপজেলার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দিন হল শাখা ছাত্রলীগের সাবেক পরিবেশ সম্পাদক ও বঙ্গবন্ধু ছাত্র একতা পরিষদের সভাপতি।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, অসচ্ছল পরিবারের ওই ছাত্রীকে অষ্টম শ্রেণিতে ভর্তি করেন আবুল হোসেন ভূঁইয়া। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠায় পড়াশোনার খবর বাবদ ১০ থেকে ১২ হাজার টাকাও দেন তিনি। পরে ১৪ মার্চ (রোববার) ওই ছাত্রীকে বাড়িতে নিয়ে ধর্ষণ করেন আবুল হোসেন। এর আগেও একাধিকবার ধর্ষণের ফলে ওই ছাত্রী দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ওষুধ দিয়ে বাচ্চা নষ্ট করেন আবুল হোসেন। বিষয়টি স্বজনদের জানালে বুধবার ওই স্কুলছাত্রীর বাবা মামলা দায়ের করেন।

ওই ছাত্রীর বাবা বলেন, আমি ঢাকায় জুতার কারখানায় কাজ করি। সেই সুবাদে আমি ঢাকা থাকি। আমরা গরিব মানুষ। আবুল আমার স্ত্রীকে রাতে ঘুমের ওষুধ খাইয়ে, মেয়েকে বিভিন্ন জায়গায় নিয়ে খারাপ কাজ করেছে। আমি ওকে ছেলের মতো জানতাম। এমন করবে ভাবতে পারিনি। আমি আবুলের বিরুদ্ধে মামলা করেছি। আমি আবুলের বিচার চাই।

শরীয়তপুর সদরের পালং থানার ওসি (তদন্ত) ফকরুল ইসলাম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, স্কুলছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।