সামনের নির্বাচনে ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য প্রতি মাসে আর্থিক বরাদ্দ নিশ্চিত করতে চান মমতা ব্যানার্জি।
বুধবার নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় মমতা বলেন, ‘নির্বাচিত হলে নতুন প্রকল্পের মাধ্যমে আমরা জেনারেল কাস্ট পরিবারকে মাসে ৫০০ টাকা, বছরে ৬ হাজার টাকা করে দেব।’
যে পরিবারের অভিভাবক কোনো বিধবা সেই পরিবারের প্রতি সদস্যকে ১ হাজার টাকা করে দেয়ার কথা বলেছেন তিনি।
মমতা বলেন, ‘এটা বলতে পারেন পকেটমানি, মানে মাসিক আয়ের একটা ব্যবস্থা। আমরা ক্ষমতায় এলে বিষয়টি সুনিশ্চিত করতে চাই।’
মমতা বলেন, ‘২০১১ সাল থেকে ক্ষমতায় আসার পর ১১০ শতাংশ কাজ করেছি। সামনে যোগ্য পড়ুয়াদের জন্য ১০ লাখ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড আনা হবে। চার শতাংশ সুদ দিতে হবে। এতে জামিনদার লাগবে না। অভিভাবকদের চিন্তা থাকবে না।’
বিজেপির সমালোচনা করে তৃণমূলনেত্রী বলেন, ‘বিজেপি উলটোপালটা মন্তব্য করছে। আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। যেখানেই যাচ্ছি, বাংলার মানুষ আমাদের সমর্থন করছেন। সুষ্ঠু ও অবাধ নির্বাচন হোক। বিরোধীরা কী কটাক্ষ করল, আমার কিছু যায় আসে না। আমার আঘাত লেগেছে, সবই কি ভাঁওতা? আমার অনেক কষ্ট হয়েছে। হাই লোডেড ভাইরাস বিজেপি। নোংরা রাজনীতি করছে ওরা।’
এদিনও মমতার মুখে খেলা হবে স্লোগান শোনা যায়। তিনি বলেন, ‘খেলা হবে, জেতা হবে। ২৭ মার্চ থেকে খেলা শুরু। জঙ্গলমহলে প্রথম ধাক্কা খাবে বিজেপি।’
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে চলার প্রতিশ্রুতি দিয়ে মমতা বলেন, ‘যত মত, তত পথ; এই চেতনা ধারণ করে আমরা এগিয়ে যাব।’