আর উপাচার্যের দায়িত্ব পালন করতে চান না ড. মীজানুর

দ্বিতীয় মেয়াদ পূর্ণ হওয়ার পর বিদায় নিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। বুধবার জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও জবির অত্যাধুনিক মেডিকেল সেন্টার উদ্বোধনের পর অনানুষ্ঠানিকভাবে বিদায় নেন তিনি।

এ বিষয়ে বৃহস্পতিবার তিনি দেশ রূপান্তরকে বলেন, জবি উপাচার্য হিসেবে আর দায়িত্ব পালন করতে চান না। 

২০১৩ সালের ২০ মার্চ জবির চতুর্থ উপাচার্য হিসেবে নিয়োগ পান তখনকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মীজানুর রহমান। দ্বিতীয় মেয়াদে ২০১৭ সালের ১৯ মার্চ থেকে  জবি উপাচার্যের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

বুধবার নিজ দপ্তর থেকে অধ্যাপক ড. মীজানুর রহমান অনানুষ্ঠানিক বিদায় নেয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের নানা মহল তার কাজের প্রশংসা, আলোচনা ও সমালোচনা করছেন।

তার শুভাকাঙ্ক্ষীদের মতে, পুরনো ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একটি সাংস্কৃতিক বলয় তৈরি করেছেন তিনি।

এ ছাড়া বিভিন্ন মহলে যুবলীগের সভাপতির দায়িত্ব ইস্যুতে দেশব্যাপী আলোচনা-সমালোচনার মুখে পড়েন তিনি।

নতুন মেয়াদে উপাচার্যের দায়িত্ব দেয়া হলে দায়িত্ব নেবেন কি না এমন প্রশ্নে তিনি দেশ রূপান্তর কে  বলেন, ‘আমি ইতোমধ্যে সরকারকে বলে দিয়েছি আমাকে দায়িত্ব দেয়া হলেও আমি দায়িত্ব নেব না। তৃতীয় মেয়াদে একই বিশ্ববিদ্যালয় উপাচার্য হওয়ার নজির কোথাও নেই। নতুন করে দায়িত্ব নিয়ে সমালোচিত হতে চাই না।’