করোনা গুজবের মধ্যে তানজানিয়ার প্রেসিডেন্টের মৃত্যু

তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি মারা গেছেন। ৬১ বছর বয়সে গত বুধবার দার এস সালাম শহরের একটি হাসপাতালে হৃদরোগে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান।

বার্তা সংস্থা এএফপি বলছে, জনগণের কাছে ‘বুলডোজার’ হিসেবে পরিচিতি পাওয়া মাগুফুলি তিন সপ্তাহের বেশি লোকচক্ষুর আড়ালে ছিলেন। এ সময় তার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। বিরোধীদলীয় রাজনীতিকরা দাবি করেন, মাগুফুলির করোনা হয়েছে।

জাতির উদ্দেশে ভাষণে ভাইস প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান বলেন, ‘আমি গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, বুধবার সন্ধ্যা ৬টায় আমরা আমাদের সাহসী নেতা, তানজানিয়ার প্রেসিডেন্ট মাগুফুলিকে হারিয়েছি।’

মাগুফুলির মৃত্যুতে দেশটিতে ১৪ দিনের শোক ঘোষণা করা হয়েছে। তার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন শোক প্রকাশ করেছেন।

গত বছরের জুনে তানজানিয়াকে ‘করোনামুক্ত’ ঘোষণা করেন মাগুফুলি। তিনি মাস্কের কার্যকারিতা নিয়ে উপহাস এবং ভাইরাস ঠেকাতে প্রার্থনা ও ভেষজ বাষ্পের থেরাপি নেওয়ার আহ্বান জানিয়ে বিতর্কিত হন। অবশ্য গত বছরের মে থেকে তানজানিয়া করোনার কোনো তথ্য প্রকাশ করেনি এবং টিকা কিনতেও রাজি হয়নি।