কাজকে উপভোগ্য করে তোল

সাফল্যের জন্য অত্যাবশ্যকীয় হলো নিয়ম মেনে কাজ করা। কিন্তু মানুষের শারীরিক সামর্থ্য সীমিত। তাই প্রয়োজন সহজে কাজ করার কৌশলগুলো জানা। সহজে কাজ করার কৌশল জানাচ্ছেন বিপুল জামান

দিনের কাজের একটি তালিকা করো

এলোমেলো কাজ করা থেকে বিরত থাকতে হবে। এতে শক্তির অপচয় হয় আর মানুষের শারীরিক ক্ষমতা সীমাহীন নয়। এলোমেলো কাজ করে শক্তির অপচয় রোধ করতে প্রতিদিনের কাজের একটি তালিকা তৈরি করো। তালিকা তৈরি করার সময়টাকে বাজে খরচ বা সময়ের অপচয় মনে করো না। কাজের পরিকল্পনায় ব্যয়কৃত এ সময় কাজটি অল্পসময়ে করতে সাহায্য করবে।

গুরুত্ব অনুসারে কাজকে অগ্রাধিকার দাও

প্রতিদিনের কাজের তালিকা করার সময় সব কাজকেই তালিকাভুক্ত করতে হবে। কিন্তু কাজ করার সময় অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করো। প্রতিটি মানুষের জন্যেই দিনের সময় ২৪ ঘণ্টা। কিন্তু দিন দিন মানুষের কাজের পরিমাণ বাড়ে। তার করণীয় কাজের পরিমাণ এত বেড়ে যায় যে সব কাজ একটি দিনে সম্পন্ন করা সম্ভব হয় না। তখন কাজের গুরুত্ব অনুসারে কাজগুলো করতে হয়। গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ কাজ পরে করো।

কঠিন কাজের পরে একটি হালকা কাজ করো

গুরুত্ব অনুসারে কাজ করার অর্থ এই নয় যে, কঠিন কঠিন কাজগুলো পরপর করতে হবে। কঠিন কাজগুলো পরপর করলে শরীর ও মন অবসন্ন হয়ে পড়ে। ক্লান্তি জেঁকে ধরে। ফলে দীর্ঘসময় ধরে কাজ করা যায় না, তালিকার সব কাজ করা হয়ে ওঠে না। এই সমস্যা সমাধানের জন্য একটি কঠিন কাজের পর একটি হালকা কাজ করো। এর ফলে শরীর ও মন কিছুটা হলেও শিথিল হতে পারবে। এছাড়া খেয়াল রাখো কাজগুলো যেন বৈচিত্র্যপূর্ণ হয়। পরপর দুটি কাজ একই রকম হলে একঘেয়েমি চলে আসতে পারে। এতে কাজের গুণগত মানও কমে যাওয়ার আশঙ্কা থাকে।

কাজের পাশাপাশি বিশ্রাম, বিনোদনের ব্যবস্থা রাখো

কাজের ফলে শরীর কিছু শক্তি হারায়। বিশ্রামের ফলে শরীর সেই ক্ষয় পূর্ণ করে। বিশ্রামহীন ক্রমাগত কাজের ফলে শরীর তার স্বাভাবিক ছন্দ হারায়। এ অবস্থা দীর্ঘদিন চলতে থাকলে ধীরে ধীরে শরীর কাজের ক্ষমতা হারায়। তাই খেয়াল রাখতে হবে কাজের পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করা হচ্ছে কি না। তাছাড়া মনকে প্রফুল্ল রাখতে, উদ্দীপ্ত রাখতে বিনোদনের জন্য পর্যাপ্ত সময় ও সুযোগ রাখতে হবে। তোমার দৈনন্দিন কাজের তালিকার বিনোদন ও বিশ্রামের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখো।

বয়স, সামর্থ্য ও দক্ষতা অনুসারে কাজ করো

যেকোনো কাজের দায়িত্ব নেওয়ার সময় সেই কাজটি তোমার আগ্রহ, সামর্থ্য, দক্ষতা ও শারীরিক সক্ষমতার সঙ্গে মেলে কি না তা যাচাই করে নাও। অনুরোধের ঢেঁকি গিলবে না অর্থাৎ যে কাজ করা তোমার পক্ষে সম্ভব হবে না সেই কাজ করার দায়িত্ব নেবে না।