ইমার্জিং নারী দল ঘোষণা

পাঁচ ওয়ানডের সিরিজে খেলতে চলতি মাসের শেষে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল। সিরিজের জন্য গতকাল ২২ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। বাংলাদেশ ইমার্জিং নারী দলে বঙ্গবন্ধু গেমসে ভালো করা ক্রিকেটারদের আধিক্য। তবে নারী জাতীয় দলের ক্রিকেটারও আছেন।

২৮ মার্চ বিকেলে ঢাকা আসবে দক্ষিণ আফ্রিকা দল। অভ্যন্তরীণ বিমানে সেদিনই সিলেট চলে যাবেন তারা। প্রথম কভিড টেস্টও হবে একই দিনে। ২৯ মার্চ থেকে সিলেটের রোজ ভিউ হোটেলে তিন দিনের কোয়ারেন্টাইন করবেন প্রোটিয়া নারী ক্রিকেটাররা। ৩১ মার্চ কোয়ারেন্টাইনের শেষ দিন হবে দ্বিতীয় কভিড টেস্ট। সবাই নেগেটিভ হলে ১ থেকে ৩ এপ্রিল চলবে অনুশীলন। ৪ এপ্রিল প্রথম ওয়ানডে। পরের ম্যাচগুলো যথাক্রমে ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল। সব ম্যাচ হবে সিলেটে। পরদিন ঢাকা ফিরে সন্ধ্যার ফ্লাইটে দেশ ছাড়বে দক্ষিণ আফ্রিকার নারী দল।

বাংলাদেশ ইমার্জিং দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুবায়া হায়দার ঝিলিক, ফারিয়া ইসলাম তৃষ্ণা, নুজহাত তাসকিনা টুম্পা, রাবেয়া, মুর্শিদা খাতুন, লতা ম-ল, শবনম মোস্তারি, শারমিন সুলতানা, রিতু মনি, দিশা বিশ্বাস, ফারজানা হক পিংকি, সুরাইয়া আজমিম, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার, শামীমা সুলতানা, খাদিজা-তুল-কুবরা, রুমানা আহমেদ, সালমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ।