মানির আশাবাদ

আগামী দুই বছরের মধ্যে পাকিস্তান সফরে যাবে ভারত এমন আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি। তিনি মনে করেন, আগামী দুই বছরের মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্কের উন্নতি হবে। এমন বিশ্বাস থেকেই তিনি বলেছেন, ২০২৩ এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফর করবে ভারত। সাম্প্রতি পাকিস্তানের ‘জং’ পত্রিকাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন মানি। সেখানে তিনি বলেন, ‘২০২২ সালে শ্রীলঙ্কায় এশিয়া কাপ হবে। পরের বছর অর্থাৎ ২০২৩ সালে এই প্রতিযোগিতা হবে পাকিস্তানের মাটিতে। আমি খুব আশাবাদী ততদিনে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের উন্নতি হবে এবং ভারতীয় দল আমাদের দেশে খেলতে আসবে।’ তিনি আরও বলেন, ‘সম্প্রতি  পেছনের দরজা দিয়ে এমন কিছু হয়েছে (কাশ্মীর সীমান্তে সিস ফায়ার), যা দুই দেশের সম্পর্কের উন্নতি করার ক্ষেত্রে ইতিবাচক। আশা করছি বরফ গলবে। আর ভারত যদি শেষ পর্যন্ত খেলতে আসে, তাহলে সেটা পাকিস্তান ক্রিকেটের জন্য বিরাট বড় পদক্ষেপ হবে।’

 চলতি বছর পাকিস্তানে এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা নিয়ে মানি বলেন, ‘এই বছর এশিয়া কাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই। পাকিস্তান সুপার লিগের জন্য পিসিবির হাতে সময় নেই। তা ছাড়া ভারতীয় দল ইংল্যান্ডে যাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে। ফলে এই বছর এশিয়া কাপ আয়োজন করার আর সময় পাওয়া যাবে না।’ ভারত শেষবার পাকিস্তান সফর করেছিল ২০০৫ সালে।