পাউরুটি কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

ডিজিটাল আইনে মাদ্রাসা সুপারসহ গ্রেপ্তার ৪

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বৈরতলা দাখিল মাদ্রাসায় বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে কেকের পরিবর্তে পাউরুটি কাটার ঘটনায় মাদ্রাসা সুপারসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, মাদ্রাসা সুপার আব্দুস সালাম, সহকারী শিক্ষক গোলাম কবির, আজমল হোসেন ও কুতুবল আলম।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাস জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসকে বিতর্কিত করার লক্ষ্যে তা উদ্যাপনের নামে বোয়ালিয়া ইউনিয়নের বৈরতলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ব্যাঙ্গাত্মকভাবে কেকের পরিবর্তে ৫টাকা দামের একটি পাউরুটি কেটে অন্যদের খাওয়ানো হয়। পাউরুটি কেটে জন্মদিন উদ্যাপনের এই দৃশ্য মাদ্রাসার সহকারী শিক্ষক গোলাম কবির তার ফেইসবুক আইডি থেকে লাইভ দেখান।