এর আগে অডি ও টয়েটো গাড়ি কিনে খবরের শিরোনাম হন নুসরাত ফারিয়া। এবার তার গ্যারেজে যুক্ত হলো নতুন বাহন।
সেই খবর নিজেই জানালেন ঢাকা-কলকাতার ব্যস্ত এ নায়িকা। নতুন কেনা গাড়ির ছবি তুলে ফেইসবুক পেজে পোস্ট করেছেন ফারিয়া। ক্যাপশনে লেখেন, ‘ওয়েলকাল হোম বেবি’।
নুসরাত ফারিয়ার নতুন গাড়ির মডেল মার্সিডিজ-বেঞ্জ সিএলএ২০০ ২০২০, রঙ সাদা।
জানা গেছে, বাংলাদেশের বাজারে এ গাড়ির মূল্য ৮৫ লাখ টাকার মতো। এর সঙ্গে যুক্ত হবে কাগজপত্র, ইন্স্যুরেন্সসহ অন্য বেশ কিছু খরচ।
সম্প্রতি শ্যাম বেনেগাল পরিচালিত ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের প্রথম ধাপের শুটিং সেরে মুম্বাই থেকে ঢাকায় ফিরেছেন ফারিয়া। কয়েক দিনের মাধ্যমে আবারও উড়াল দেবেন ভারতের চলচ্চিত্র নগরীতে। এর পর বাংলাদেশে হবে ছবিটির শুটিং। এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী।
নতুন এই গাড়ি কেনা প্রসঙ্গে গণমাধ্যমে নুসরাত ফারিয়ার জানান, আরও আগেই গাড়ি কেনার ইচ্ছা ছিল। কিন্তু মহামারির কারণে দেরি হয়ে গেল। এর পর পরিকল্পনা করেন মুম্বাই থেকে ফিরেই শোরুমে ঢুঁ মারবেন।
আগামী ৩০ মার্চ মুক্তির কথা রয়েছে তার ওয়েব ফিল্ম ‘যদি...কিন্তু... তবুও...’। এ ছাড়া হাতে আছে আরও পাঁচ সিনেমা। এর মধ্যে দুটি কলকাতার। মুক্তির জন্য প্রস্তুত আছে অপারেশন সুন্দরবন ও পাতালঘর।