দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার আশা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার ব্যাপারে আশা প্রকাশ করেছেন। শুক্রবার সকালে ঢাকা আসার আগে করা এক টুইটে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এ আশা প্রকাশ করেন।

টুইটে রাজাপাকসে লিখেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে তিনি বাংলাদেশে যাচ্ছেন। উভয় দেশের পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সঙ্গে কাজ করতে চান।

ঢাকায় আসার পর আরেকটি টুইট করেন রাজাপাকসে।

এই টুইটে তিনি লিখেছেন, বিমানবন্দরে তিনি উষ্ণ অভ্যর্থনা ও গার্ড অব অনার পেয়েছেন। তাকে অভ্যর্থনা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানের অংশ হতে পেরে তিনি সম্মানিত।

দুই দিনের ঢাকা সফরের সময় রাজাপাকসে শুক্রবার বিকেলে জাতীয় প্যারেড স্কয়ারে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেবেন। শনিবার তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এ ছাড়া তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনে ১৭ মার্চ থেকে ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা শুরু হয়েছে। ২৬ মার্চ পর্যন্ত এ অনুষ্ঠান চলবে। এই বিশেষ অনুষ্ঠানমালার প্রতিপাদ্য ‘মুজিব চিরন্তন’। তবে প্রতিদিনের অনুষ্ঠানের জন্য আলাদা প্রতিপাদ্য রয়েছে।

রাজাপাকসেকে বহনকারী উড়োজাহাজটি সকাল ১০টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।