সুনামগঞ্জে আবার মামুনুলের সমাবেশ, পোস্টারে আ.লীগ নেতারা

হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের সমর্থকদের হামলা লুটপাট ও ভাঙচুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলায় সমাবেশ ডেকেছে হেফাজত। আগামী ২১ মার্চ জামালগঞ্জ হেলিপ্যাড মাঠে সমাবেশ হবে।

সমাবেশের পোস্টারেও রয়েছে জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত চৌধুরী, জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার, জামালগঞ্জ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শহিদুল ইসলাম, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী।

তবে এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী বলেন, পোস্টারে নাম দেয়ার বিষয়টি আমি জানি না। বৃহস্পতিবার রাতে তিনি থানায় জিডি করেছেন বলে জানান।

উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ জানান, সমাবেশের ব্যাপারে আমি কিছুই জানি না। ওরা আমাকে না জিজ্ঞেস করেই পোস্টারে নাম লাগিয়েছে। সমাবেশের পোস্টার থেকে আমার নাম বাদ দিতে বলেছি। আমাকে না জানিয়ে নাম দেওয়ার কারণে প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। 

এদিকে এ সমাবেশ সম্পর্কে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট শুক্রবার বিকেলে এক মানববন্ধনে বলেন, মামুনুল হকের সমাবেশ ঘিরে এত বড় ঘটনা ঘটার পর আবার কি করে তারা সমাবেশ করার অনুমতি পায়। কারা মামুনুল হককে সহযোগিতা করছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে।

প্রসঙ্গত, মামুনুল হককে ফেইসবুকে কটাক্ষ করায় তার সমর্থকরা বুধবার সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রাম ঘেরাও করে কিছু বাড়িঘরসহ মন্দিরে ভাঙচুর লুটপাট চালায়। এদিকে, এর আগে মামুনুলকে ফেইসবুকে কটাক্ষ করে স্ট্যাটাস দেয়ার অভিযোগে গ্রামের ঝুমন দাস আপন নামের এক যুবককে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে তুলে দেয়। এ ঘটনায় সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত নোয়াগাঁও ও হবিবপুর গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভয়ে অনেকে এখনো বাড়ি ফেরেননি। পুরুষেরা ঘর বাড়ি দেখাশোনার জন্য ফিরলেও নারী ও শিশুদের বাড়ি নিয়ে আসেননি অনেকে।