আজ ভারত-ইংল্যান্ড ফাইনাল

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরেছিল ভারত। এরপর দ্বিতীয় ম্যাচে হারে ইংল্যান্ড। তৃতীয় ম্যাচে আবার হারে ভারত।  চতুর্থ ম্যাচে হারে ইউয়েন মরগানের দল। সিরিজ ২-২ অবস্থায় আজ আহমেদাবাদে পঞ্চম টি-টোয়েন্টিতে খেলতে নামছে দুই দল। যারা জিতবে তাদেরই সিরিজ।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ব্যাট করতে নেমে ছক্কা মেরে ইনিংস শুরু করা সূর্যকুমার যাদব ম্যাচসেরা হন। ৩১ বলে ৫৭ রানের ইনিংস খেলেন তিনি। পুরস্কার হাতে নিয়ে বলেন, ‘নিজের সঙ্গে কথা বলছিলাম, স্বাভাবিক রাখার চেষ্টা করছিলাম নিজেকে। সেই সময় কোহলি এবং দলের সদস্যরা বলে, আমি যেন মনে করি অন্য রঙের জামা পরে আইপিএল খেলছি।’ তিনি আরও বলেছেন, ‘ভারতের হয়ে ম্যাচ জেতানো আমার স্বপ্ন ছিল। তা সত্যি হলো। যেভাবে সব কিছু ঘটেছে আমি খুশি।’ তবে ৮ রানে ম্যাচ জিতেও খুশি হতে পারেননি ভারতীয় অধিনায়ক বিরাট। ম্যাচে আম্পায়ারের ভুল সিদ্ধান্ত নিয়ে সরব হয়েছেন, ‘আম্পায়ারের আপাত দৃষ্টিতে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত নিচ্ছেন। যেমনটা হয়ে থাকে ডিআরএসের ক্ষেত্রেও। এটা বন্ধ হওয়া দরকার। নয়ত এই ধরনের সিদ্ধান্ত বড় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ আমাদের ক্ষেত্রে এটা হয়েছে, কাল অন্য দলও এই সমস্যার মুখোমুখি হতে পারে। এই ধরনের ম্যাচে আমরা আরও বেশি স্বচ্ছতা আশা করি।’ ভারতের ইনিংসের ১৪তম ওভারে ফাইন লেগে সূর্যকুমার যাদবের ক্যাচ ধরেন ডেভিড মালান। আম্পায়ার আউট দেন। তৃতীয় আম্পায়ারও সেই সিদ্ধান্ত বহাল রাখেন। কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায় বল মাটি ছুঁয়েছে। আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুললেও মোতেরার উইকেটের প্রশংসা করেছেন কোহলি, ‘এই ম্যাচে উইকেট বেশ ভালো ছিল। আমরা সেই কারণেই এতগুলো রান করতে পেরেছি। তবে শিশির পড়েছে অন্য দিনের তুলনায় অনেক বেশি। আমরা ১৮০-র বেশি রান করতে চেয়েছিলাম।’ প্রথম ম্যাচে খেলতে নেমে সেরার পুরস্কার জেতা সূর্যকুমার যাদবের প্রশংসা করে কোহলি বলেন, ‘সে দারুণ ব্যাট করেছে। আমাদের অবাক করেছে। এর আগে ঈশান কিষাণও তার অভিষেক ম্যাচে অসাধারণ ব্যাট করেছিল। আইপিএলের কারণে আমরা বেশ কিছু সাহসী ক্রিকেটারকে দেখছি। আমি ক্রমশ এদের অনুরাগী হয়ে উঠছি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজের শেষ ম্যাচ ছাড়া আমাদের আর টি-টোয়েন্টি ম্যাচ নেই। তবে আমরা আশাবাদী ভালো কিছু করতে পারব। বল হাতে শার্দূলও ভালো করেছে। প্রথম ছয় ওভারে আমরা ইংল্যান্ডকে আটকে রাখতে পেরেছি। আর চাপ বাড়াতে পেরেছি ওদের ওপর।’

ম্যাচ হারের পর ইংলিশ অধিনায়ক মরগান বলেছেন, ‘আমাদের চেয়ে ভারত আজ (বৃহস্পতিবার) ভালো খেলেছে। তারা যোগ্য দল হিসেবে জিতেছে। তবে আমরা শিখছি। বিশ্বকাপের আগে আরও কতটা শিখতে পারি তা খুব গুরুত্বপূর্ণ।’ তিনি আরও বলেন, ‘আমরা সিরিজ জেতার খুব কাছে পৌঁছে গিয়েছিলাম। শেষ ৭-৮ বলে ম্যাচটা আমাদের হাতের বাইরে চলে যায়। এখনো সুযোগ আছে। সিরিজ জিতলে বিশ্বকাপের আগে দারুণ ব্যাপার হবে।’

এদিকে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসও আজকের ম্যাচকে ফাইনাল বলেছেন। সংবাদ সম্মেলনে স্টোকস বলেন, ‘পারতপক্ষে আমরা এই ম্যাচে সিরিজ জিতেই নামতে চেয়েছিলাম। কিন্তু গত ম্যাচের হার থেকে একটা ভালো দিক হয়েছে। এখন এই ম্যাচটি আমাদের ঘাড়ে বিশাল চাপ তুলে দিচ্ছে। কারণ, যেই এ ম্যাচ জিতবে সিরিজ তার, এটা ফাইনাল। ভালো দিক হলো আমরা যত চাপে থাকব তত ভালো খেলব। আমরা অবশ্যই জিততে চাই, জয়ের অভ্যাস গড়তে চাই।’