স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ঢাকা সফরের প্রতিবাদে রাজধানীতে ‘সমমনা ইসলামি দলগুলো’র ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে বের করা মিছিলটি কাকরাইল মোড় ঘুরে আবারও পল্টনে এসে শেষ হয়। এতে ইসলামি আন্দোলন, মুসলিম লীগ, খেলাফতে মুসলিমসহ অন্যান্য ইসলামিক দলের নেতাকর্মীরা অংশ নেন। পুলিশ জানিয়েছে, কোনো ধরনের অনুমতি ছাড়াই তারা মিছিল করেছে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে নরেন্দ্র মোদির আসন্ন সফরের প্রতিবাদে গতকাল রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলো। ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে বের হওয়া মিছিলটি নীলক্ষেত-কাটাবন হয়ে শাহবাগ ঘুরে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।
জুমার নামাজের পর বিক্ষোভ মিছিলের শুরুতে সমমনা ইসলামিক দলগুলোর সমন্বয়ক আব্দুর রব ইউসুফী বলেন, ‘বাংলাদেশের স্বার্থবিরোধী মোদিকে আসতে দেওয়া হবে না। প্রয়োজনে আমাদের সবাইকে রাস্তায় নামতে হবে। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, এই দেশের ১৮ কোটি মানুষ তোমাকে চায় না।’
ডিএমপির মতিঝিল অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. এনামুল হক মিঠু দেশ রূপান্তরকে বলেন, ‘জুমার নামাজের পরে অতর্কিতে ৪০০ থেকে ৫০০ লোক বিক্ষোভ মিছিল করে। তারা কোনো পূর্ব অনুমতি নেয়নি। শান্তিপূর্ণভাবে মিছিল করেছে।’
এদিকে ‘প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর’ নেতারা জানিয়েছেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ মিছিল রাজু ভাস্কর্য থেকে শুরুর কথা থাকলেও সেখানে ছাত্রলীগ অবস্থান নেওয়ায় তা পরিবর্তন করা হয়। পরে টিএসসি এলাকা থেকে শুরু হওয়া মিছিলে জোটের অন্তত দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা ‘ব্যাক মোদি, গো ব্যাক ইন্ডিয়া’সহ বিভিন্ন স্লোগান দেন।