বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী দলটির দপ্তরের দায়িত্বে রয়েছেন। করোনা আক্রান্ত রিজভীর অনুপস্থিতিতে দপ্তরের দায়িত্ব পেয়েছেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
গত ১৭ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন রিজভী।
চিকিৎসকরা জানিয়েছেন, আরও বেশ কিছুদিন তাকে হাসপাতালে এবং বিশ্রামে থাকতে হবে।
এই সময়ে রুহুল কবির রিজভীর অনুপস্থিতিতে আবারও দপ্তরের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন প্রিন্স।
শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সংক্রান্ত একটি চিঠি প্রিন্সের হাতে তুলে দেন বলে জানিয়েছেন প্রিন্স নিজেই।
শনিবার দলীয় কার্যালয়ে অফিস করেছেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
এর আগে তিনি দলের কেন্দ্রীয় সহ-দপ্তর ও সহ প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। রিজভী হৃদরোগে আক্রান্ত হলে প্রিন্স আরেকবার দপ্তরের দায়িত্ব পেয়েছিলেন।