টিকা নেয়ার পরও সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন বিরোধী দলীয় হুইপ সুনামগঞ্জ ৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ।
শনিবার সাংসদের ব্যক্তিগত সচিব সুমিত চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, তিনি ঢাকার নিজ বাসায় সস্ত্রীক আইসোলেশনে আছেন। সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শে বাসায় আছেন।
মঙ্গলবার করোনার উপসর্গ দেখা দিলে করোনার নমুনা দেন পীর মিসবাহ ও তার স্ত্রী মাশকুরা হোসাইন দীনা। শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে সস্ত্রীক করোনা পজিটিভের বিষয়টি জানতে পারেন তিনি।
সাংসদ পীর মিসবাহর বড় ভাই বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান ফেসবুক স্ট্যাটাসে দোয়া চেয়ে লিখেছেন, আমার ছোট ভাই, সুনামগঞ্জ সদর আসনের এমপি পীর ফজলুর রহমান মিসবাহ সস্ত্রীক করোনা পজিটিভ। সবার কাছে দোয়া চাই । তারা বর্তমানে ভালো আছে। আইসোলেশনে আছে চিকিৎসকের পরামর্শে।
গত ৭ ফেব্রুয়ারী সুনামগঞ্জে প্রথম দিন করোনা ভাইরাসের টিকা নেন সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ।