সুন্দরবনে নদীর চর থেকে একটি রয়েল বেঙ্গল টাইগারের মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। গত শুক্রবার রাতে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের ভোলা নদের ধুনচেবাড়িয়ার চর থেকে এটি উদ্ধার করা হয়। এরপর গতকাল শনিবার সকাল ১০টায় প্রাণিসম্পদ বিভাগ ময়নাতদন্তের জন্য বাঘটির শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ সংগ্রহ করে। পরে শরণখোলা রেঞ্জ অফিসের পাশে এটি মাটিচাপা দেওয়া হয়।
বন বিভাগ বলছে, এটি বাঘিনী এবং পূর্ণবয়স্ক ছিল। বয়স ১৪ থেকে ১৫ বছর হবে। বাঘটির মৃত্যুর কারণ জানতে সংগ্রহ করা নমুনা ঢাকার ফরেনসিক বিভাগে পাঠানো হবে।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জয়নাল আবেদিন জানান, শুক্রবার সন্ধ্যার দিকে বন বিভাগের কর্মীরা নিয়মিত টহলের সময় ধুনচেবাড়িয়ার চরে একটি বাঘের মরদেহ দেখতে পান। রাত ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। বাঘটি ৭ ফুট দৈর্ঘ্য, উচ্চতা ৩ ফুট ২ ইঞ্চি এবং চওড়ায় ৩ ফুট ৬ ইঞ্চি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত কারণে বাঘটির স্বাভাবিক মৃত্যু হয়েছে।
আগেও একটি বাঘের মৃত্যু হয়েছিল। তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ফরেনসিকে পাঠানো হয়। ফরেনসিক রিপোর্টে বলা হয়, ওই বাঘটির বয়সজনিত কারণে মৃত্যু হয়েছিল। ফরেনসিক প্রতিবেদন হাতে পেলে এ বাঘটির মৃত্যুর কারণও জানা যাবে বলে জানান তিনি।
মোরেলগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জিএম আবদুল কুদ্দুস বলেন, ‘আমাদের ধারণা, ৮-৯ দিন আগে বাঘটি মারা গেছে। শরীরের অধিকাংশ অঙ্গপ্রত্যঙ্গ পচে গেছে। এজন্য ময়নাতদন্তের জন্য সবকিছু সংগ্রহ করা সম্ভব হয়নি। মৃত্যুর কারণ জানতে যে নমুনা প্রয়োজন, কেবল তা সংগ্রহ করে বাঘটি মাটিচাপা দেওয়া হয়।’