গাজীপুর মেয়রের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নগর পরিকল্পনা বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আশ্বাস

তৈরি পোশাক কারখানা, চামড়া শিল্পের বিকাশে গাজীপুর সিটি করপোরেশনের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ইতালির রাষ্ট্রদূত। গতকাল শনিবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে ইতালির রাষ্ট্রদূত এনরিকো নানজিয়াতার নেতৃত্বে একটি প্রতিনিধিদলের বৈঠক শেষে এমন আগ্রহ প্রকাশ করেন তিনি। এ ছাড়া গার্মেন্টস কারখানা বিকাশের সঙ্গে নগর পরিকল্পনা বাস্তবায়নের জন্য যা যা করা দরকার তা ইতালি এবং গাজীপুর সিটি একসঙ্গে করবে।

গতকাল সকালে প্রতিনিধিদলটি গাজীপুর সিটি করপোরেশনের নগর ভবন কার্যালয়ে এসে পৌঁছলে মেয়র মো. জাহাঙ্গীর আলম তাদের স্বাগত জানান। পরে প্রতিনিধিদলটি নগরীর সালনা এলাকায় একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করে। বৈঠকে অন্যান্যের মধ্যে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কারখানা পরিদর্শন শেষে মেয়র মো. জাহাঙ্গীর আলম জানান, কোরবানির ঈদের সময় আমাদের দেশে পচনশীল অনেক চামড়া সস্তায় বিক্রি হয়। ইতালি যেহেতু চামড়ার ক্ষেত্রে সারা বিশে^ একটি ব্র্যান্ড তাই তাদের আমরা এখানে নিয়ে এসেছি। তারা এখানে অর্থনৈতিক জোন করার মাধ্যমে চামড়াকে প্রক্রিয়াজাত করে তাদের দেশে নিয়ে যাবে বলে একমত হয়েছে।

এ সময় ইতালির রাষ্ট্রদূত কারখানার কর্মপরিবেশে সন্তোষ প্রকাশ করেন এবং চামড়া শিল্প বিকাশে সিটি করপোরেশনকে তার সরকারের সহযোগিতার কথা উল্লেখ করেন।