সুযোগ পেলে বিসিবি সভাপতি হতে চান সাকিব

সুযোগ পেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিহাসের সেরা সভাপতি হতে পারবেন বলে বিশ্বাস করেন সাকিব আল হাসান। গতকাল রাতে এক ফেইসবুক লাইভ অনুষ্ঠানে সাকিব এ বিষয়ে মন্তব্য করেন।

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকেই ক্রিকফ্রেঞ্জির লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন। যা নিজের ফেইসবুক পেইজে শেয়ারও দেন তিনি। অনুষ্ঠানে সাকিবের কাছে একটি প্রশ্ন ছিল ‘আমরা দেখছি অবসরের পর বিসিবিতে অনেকে যাচ্ছে। ভবিষ্যতে সাকিবকে কি বিসিবির কোনো পদে দেখা যাবে? এ রকম কোনো ভবিষ্যৎ স্বপ্ন রয়েছে?’ সাকিব উত্তরে বলেন, ‘ইন্টারেস্টিং! আমার কাছে তো মনে হয়, আমি যদি বিসিবির কখনো ও রকম অবস্থায় যেতে পারি, আমার কাছে মনে হয় আমি যত ভালো কাজ করব, এটা আর বাংলাদেশে কেউ করতে পারবে না।’ সাকিব আরও বলেন, ‘অবশ্যই যদি ক্রিকেটে থাকি আর বিসিবি সভাপতি হওয়ার সুযোগ আসে, অবশ্যই সেটা হতে চাইব এবং আমি জানি যে আমি বিসিবির ইতিহাসের সেরা সভাপতি হতে পারব।’ সাকিবের নিজের কথার ওপর পূর্ণ বিশ্বাস আছে। তাই শেষে যোগ করেন, ‘এটা আমি খুব ভালোভাবে বিশ্বাস করি যে আমার পক্ষে এটা সম্ভব।’

এ সময় সাকিব জানিয়েছেন, যেহেতু তার তৃতীয় সন্তান পৃথিবীতে এসে গেছে, করোনার কারণে ১৪ দিনের কোয়ারেন্টাইনের জটিলতা না থাকলে হয়তো তিনি পরের দুটি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারতেন।