গাদ্দার-মীরজাফর সিঁধ কেটেছে, বিজেপিকে এনেছে: মমতা

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সহকর্মীদের তোপ দেগেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একসময়কার সহকর্মীদের গাদ্দার-মীরজাফর বলতেও ছাড়েননি তৃণমূল নেত্রী।

এই সময় জানায়, রবিবার মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে আরও কড়া ভাষায় প্রতিপক্ষকে আক্রমণ করেন তিনি।

এ দিন নাম না করে একদা বিশ্বস্ত সহকর্মী থেকে এখন ভোটকেন্দ্রের প্রতিদ্বন্দ্বীতে পরিণত হওয়া শুভেন্দু অধিকারীসহ গোটা অধিকারী পরিবারকে তীব্র আক্রমণ করেন মমতা।

তিনি বলেন, ‘গাদ্দার-বিশ্বাসঘাতক-মীরজাফরের দল হাত ধরে বিজেপিকে এনেছে। ২০১৪ থেকে যোগাযোগ রেখেছে। মানে ঘরে ঢুকে সিঁধ কেটেছে। এদের জমিদারি থেকে মেদিনীপুরকে মুক্ত করতে হবে।’

দলবদলের দিন অমিত শাহের সভায় শুভেন্দু জানিয়েছিলেন, ২০১৪ থেকে বিজেপির সঙ্গে যোগাযোগ ছিল তার।

আক্ষেপের সুরে তৃণমূল নেত্রী বলেন, ‘আমি একটা গাধা। আমি আসলে গাদ্দারদের বুঝতে পারিনি। এত টাকা করছে বুঝিইনি। সেই টাকা বাঁচাতেই এখন বিজেপিতে পালিয়েছে। সেই গাদ্দাররা এখন হাজার হাজার কোটি টাকার মালিক।’

এদিনের সভা থেকে মোদি-শাহকেও আক্রমণ করতে ছাড়েননি মমতা। তিনি বলেন, ‘বিজেপি একটা জঘন্য দল। নরেন্দ্র মোদি গাদ্দার আর চোরের সর্দার। ওরা গেল না এল, তাতে কিছু যায় আসে না।’

এছাড়া মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, ‘কোনো এনপিআর এ রাজ্যে হতে দেব না। কাউকে নিজের ঘরবাড়ি ছেড়ে যেতে হবে না।’