‘পোলট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৯’ পেয়েছেন দেশ রূপান্তরের স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন। ‘দৈনিক সংবাদপত্র’ ক্যাটাগরিতে প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় হন।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ ক্যাটাগরিতে প্রথম হন দৈনিক ভোরের কাগজের জ্যেষ্ঠ প্রতিবেদক মরিয়ম সেঁজুতি এবং তৃতীয় হন দ্য নিউজ টুডে’র সিনিয়র স্টাফ রিপোর্টার মাজহারুল ইসলাম মিচেল।
অনুষ্ঠানে শ ম রেজাউল করিম বলেন, দেশ অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশের কাতারে অচিরেই যুক্ত হতে যাচ্ছে। মাথাপিছু আয় বেড়েছে, কোভিড মহামারি সত্ত্বেও বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ।
মন্ত্রী বলেন, ২০৪১ সাল নাগাদ উন্নত দেশ গড়তে হলে আমাদের দরকার স্বাস্থ্যবান ও মেধাবী জাতি। তাই সবার জন্য পুষ্টি নিশ্চিত করতে হবে, বাড়াতে হবে ডিম, দুধ, মাছ, মাংসের কনজামপশন।
রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘পোলট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৯’ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে জাতীয় ও স্থানীয় সংবাদপত্রের নয়, টেলিভিশনের ছয়, অনলাইন ও ম্যাগাজিনের চারজনসহ মোট ১৯ সংবাদ প্রতিবেদককে বিজয়ী হিসেবে পুরস্কার দেওয়া হয়।
পোলট্রি মিডিয়া অ্যাওয়ার্ড চতুর্থবারের মতো আয়োজন করে বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি), সহযোগিতায় ছিল এসিআই অ্যানিমেল হেলথ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. আব্দুল জব্বার শিকদার, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. কাজী শামস আফরোজ এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আব্দুল জলিল।
জুরি বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম মুকুল; টিভি টুডে’র এডিটর ইন চিফ মনজুরুল আহসান বুলবুল; দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম।
সভায় বিপিআইসিসি’র সভাপতি মসিউর ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ফিআব) সভাপতি ও সাধারণ সম্পাদক, ওয়ার্ল্ড’স পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার সভাপতি আবু লুৎফে ফজলে রহিম খান বক্তব্য রাখেন।
‘ঢাকার বাইরে থেকে প্রকাশিত সংবাদপত্রের প্রতিবেদন’ ক্যাটাগরিতে একমাত্র পুরস্কার লাভ করেন সাপ্তাহিক চৌদ্দগ্রামের নির্বাহী সম্পাদক এবং দৈনিক ফেনীর সময়ের চৌদ্দগ্রাম প্রতিনিধি মো. এমদাদ উল্যাহ।
‘টিভি ও রেডিও’ ক্যাটাগরিতে প্রথম পুরস্কার লাভ করেন যমুনা টেলিভিশনের স্পেশাল করেসপনডেন্ট সুশান্ত সিনহা। দ্বিতীয় হন চ্যানেল-২৪ এর কৃষি বিষয়ক প্রতিবেদক ফয়জুল সিদ্দিকী এবং তৃতীয় হন মোহনা টিভি’র স্টাফ রিপোর্টার তানজিলা নিঝুম।
বার্তা-সংস্থা/অন-লাইন ক্যাটাগরিতে একমাত্র পুরস্কার পান পরিবর্তন ডটকম এর স্টাফ রিপোর্টার, বর্তমানে বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. তাসলিমুল আলম তৌহিদ।
‘পোলট্রি ও কৃষি বিষয়ক ম্যাগাজিন/অনলাইন’ ক্যাটাগরিতে একমাত্র পুরস্কার লাভ করেন এগ্রিনিউজ২৪ ডটকম এর সম্পাদক মো. খোরশেদ আলম (জুয়েল)।
এ ছাড়া ‘প্রমিজিং পোলট্রি রিপোর্টার্স অ্যাওয়ার্ড’ লাভ করেন এনটিভি’র সিনিয়র করেসপনডেন্ট মাকসুদুল হাসান, জাগোনিউজ২৪ ডটকম এর বিশেষ সংবাদদাতা মনিরুজ্জামান উজ্জল, দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার মো. মিজানুর রহমান চৌধুরী, দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার মো. নিজামুল হক, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার রহিম শেখ, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুন্না রায়হান, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার কাজল আব্দুল্লাহ, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ব্রডকাস্ট জার্নালিস্ট শাহীদ আহমেদ, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের চিফ রিপোর্টার ভূঁইয়া নজরুল এবং এগ্রিকেয়ার২৪ ডটকমের সিনিয়র রিপোর্টার মো. আবু খালিদ।